Aug 10, 2021

কার্ত্তিক‌ মণ্ডল

ডাক

উচ্চ শির,বজ্র কঠিন কণ্ঠে
ডাক দিয়েছিল সবে
ওঠো ! জাগো, চোখ মুদে-
এখন‌ও ঘুমিয়ে রবে।

মাতৃভূমি শৃঙ্খলে বাঁধা,কত
ক্লেশ সয় প্রতিদিন
তার বুকে প্রাণ,হয় খানখান
শোধ করবি না ঋণ।

নেই কিরে দেহে রক্ত,মাংস,হাড়
নেই কিরে তেজ ফুর্তি
বিভীষিকা রূপে জ্বলবি না তুই
ধরবি না রণরঙ্গিনী মূর্তি।

জননী যে তোর পথে ঘাটে কাঁদে
সারা গায়ে বেড়ি দাগ
তবু কেন তোর নেইকো রে রোষ
নেই কোনো ঘৃণা রাগ।

তুচ্ছ করে ভয় ঝাঁপিয়েছে তাঁরা,
দিয়েছে কত প্রাণ বলি
তাঁদের নামে তুলো জয়ধ্বনি
করপুটে দাও অঞ্জলী।

কত শহীদের রক্তে রাঙা, মুক্ত
মোদের মাতৃভূমি
কখনো তাদের দু‍ঃখ ব্যথার,খোঁজ 
নিয়েছি আমি তুমি।

মায়ের মুক্তির সুর তুলে যাঁরা
এনেছিল এই স্বাধীনতা
জয়গান গাই এসো সবে ভাই
উর্দ্ধে তুলি বিজয় পতাকা।