Aug 12, 2021

হারাধন বৈরাগী

স্বাধীনতা

জন্মের পর থেকে  বিনিময়কে‌ই 

একমাত্র দোসর বলে জেনে এসেছি

এই থেকে স্বাধীনতাকে বিনিময় জেনে

যা যা করণীয় সকল‌ই করে চলেছি।


এত এত বিনিময় 

রক্ত প্রাণ সহোদর পিতামাতা-

সম্প্রদায় কামনা বাসনা স্বাধীনতা


ধর্ণা মিছিল বুট বুলেট গোলা বারুদ 

যুদ্ধ জল্লাদ ফাঁসিকাঠ বিনিময়


পর্দা চুম্বন নারী লিঙ্গ

নোলকব‌উ লক্ষীবউ বিনিময়


বন্ধু বন্দুক জেলে মালি 

ডুলি ডোম মাঝি নৌকা

শ্মশান গোরস্থান বিনিময়


বিনিময় বিনিময়

ফকির বাউল সাধু চোর 

সধবা অধবা বিধবা ---


মেকুর কুকুর শকুন--

লাস ডুম অন্ধ বোবা আতুর বিনিময়


সাংবাদিক কবি বুদ্ধিজীবী 

খুনি প্রেমিক লম্পট ডাকাত বিনিময়


ভূমি নদী পুকুর জমি 

জলা জংলা ফল ফসল 

বাস্তুভিটা গোয়ালঘর দধিভাণ্ড বিনিময়


শ্বাস প্রশ্বাস আকাশ বাতাস

মন্দির মসজিদ গুরুদ্বার বিনিময়


ডানা বায়া তবলা তবলচি

সুরকার স্বরলিপি বিনিময়


হাত কোদাল হাতুড়িকাঁচি

ঘাসফুল পদ্ম নোটবন্ধী করতালি

জীবাণু গৃহবন্ধী ষড়যন্ত্র বিনিময় 


এত এত বিনিময়

ফের সম্প্রদায় বিনিময়ে

চমকে উঠছি


স্বাধীনতা-

আর কত বিনিময় হলে

নাকে এসে লাগবে 

তোমার আঁচলের গন্ধ 

আমার মায়ের মতো--।