Jun 29, 2023

অশোকানন্দ রায়বর্ধন

১. সেলফি

ভালবাসবে বলে তুমি আমাকে দাঁড়িয়ে রেখে
দূরে কোথায় চলে গেছো বৃষ্টি মাথায়–
দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে উঠে এদিক ওদিক দেখে,
তোমাকে আমিখুঁজতে বেরিয়েছি হেথায় হোথায় ।

হঠাৎ দেখি ঝোপের পাশে তোমার ছায়াটারে,
সেলফি তুলছে আপন মনে গাছকে জড়িয়ে ধরে ।

২. উল্টোরথ

আমাকে কাঁদতে বলোনা চোখে অশ্রু নেই,
হাজার মানুষ অসহায় দেখে গেছে শুধু,
আনন্দের হাট, রাজপথে হঠাৎ চিতা জ্বলছেই,
শিশু গেল, তরুণ গেল, গেল শহর সরল গৃহবধূ।

এমন দহন আমি আর কস্মিনকালে দেখিনি 
কোথায় রথ, কোথায় কলা, পাতার বাঁশির ধুন,
রশি শুধু একাকী গড়ায় স্তব্ধ বিকিকিনি,
অসহায়ের আর্তনাদে আকাশ বাতাস করুণ ।