তুমি আমি
ব্যতিক্রমী সমারোহ হোক তোমার জন্য , আমার জন্য
মিনার হোক সফেদ কোনো শহরের এই পাথর বুকে।
খোদাই করি দুজনেতে অঙ্গুরীয় স্মারক করে ভালবাসা
গালিব হোক, লুধিয়ানভি জিভের স্পষ্ট উচ্চারণে।
ব্যতিক্রমী সমারোহ হোক ছোট্ট কোনো পুকুর ধারে।
কলাপ মেলুক ময়ূর পাখা, মেঘ ও গর্জুক সমান তালে
কিনকিন বৃষ্টির মাঝে দু ফোঁটা জল চোখের কোণে।
জয়গোবিন্দ আউড়ে যাবে ছন্দে ছন্দে মিঠে সুরে,
বুকে আমার বাঁশি বাজুক তোমার হাতের চরণস্পর্শে।
ব্যতিক্রমী সমারোহ হোক আমাদের এই পর্ণ ঘরে।
রক্তে জাগুক বিপ্লবী সুর, তুমি আমি বিদ্রোহী হই
পাঁজর চিরে হাড়ের মাঝে শব্দমালা দুলতে থাকুক।
এবার শুধু দামামা বাজুক, ভেরি বাজুক গগন জুড়ে
আমার মুখে রক্ত জমুক তোমার দ্রুত হৃদ স্পন্দনে।
ব্যতিক্রমী সমারোহ হোক আমাদের এই জীবন জুড়ে!!