একফালি উষ্ণতা
আজ বৃষ্টি ভেজা শীতের রাতে
এসো উষ্ণতা দাও ঢেলে।
একলা আমি ভাল্লাগেনা
মন খারাপের ডালি।
আজ আলতো আদর ছোঁয়াও
মুখের পরে গায়ের পরে ।
অধরে অধর স্পর্শ করবে বলে
একফালি উষ্ণতা দাও ঢেলে ।
একলা আকাশ অপেক্ষামান
বুকের ভেতর লুকোচুরি খেলে।
এক ফালি উষ্ণতা দাও ঢেলে ।
শীতের রাতে বৃষ্টি ভেজা নগ্ন পায়ে
লেপের তলে একলা হেঁটে চলা।
ওলটপালট ভগ্ন হৃদয় ফুঁড়ে
যেন সমুদ্র আছড়ে পড়ে!
দেখেছো কি ?
গ্রামবাংলার শীতের ভোরে
কুয়াশার ধুম্রজাল চিরে
পূব আকাশে সূর্য রশ্মি
কেমন উঁকিঝুঁকি মারে?
ঘাসের ডগার শিশিরবিন্দু
কেমন মুক্ত হয়ে ঝরে!
তেমনি করেই জীবন অপরাহ্ণে
একফালি উষ্ণতা দাও ঢেলে ।
দেখবে তখন যুবতী হয়ে
মাতাল করতে পারি!
আজ বৃষ্টি পড়ুক বিষন্ন চোখে
বৃষ্টি পড়ুক মনে।
যাক মুছে যাক গ্লানি যত
আসুক নববসন্ত ফিরে
একফালি উষ্ণতা দাও ঢেলে।