প্ররোচনা
আমার বুকের জমি কেউ গোপনে আবাদ করে
লাঙল চালায় প্রবলভাবে
কী বর্ষা, শীত-গ্রীষ্ম, হেমন্ত বা শরৎ কী;
জানি না কী ফসল ফলায়!
সারা বছর বুকের জমিন কেটেকুটে একশা করে।
আমার ভেতর ঘরে কেউ আমাকে ভাঙে গড়ে
হত্যা করে তুমুলভাবে
সেই হত্যার সাক্ষী নেই, মোকদ্দমাও হয় না কোনো
তবু কে যে সাজা শোনায়!
যাবজ্জীবন রায়ে আমার কলম থেকে রক্ত ঝরে।
কে সেই কৃষক
একজনই না আলাদা লোক
তা জানি না৷
আমি কারুর মুখ দেখি না
তবু কিসের প্ররোচনায়
ভরা ফসল রক্তে ভরে
আমার, কলম থেকে শস্য ঝরে।