পাতাবাহারের ঝুলনায়
নিঃসঙ্গতার উত্তর -
নিঃসঙ্গতার কার্নিসে ঝুলে থাকা
অজস্র কৌতুহলি প্রশ্নের
সঠিক উত্তর খুঁজতে
হতাশ বর্তমান।-
অজস্র জোনাকী মেয়েদের
নিভু নিভু সুরভী দীপের
মৌন আভায় পুষে রাখা ল্জ্জারা
কপাট মেলে দেয় ।
যন্ত্রণার শেকল ছিঁড়ে ,
বেরিয়ে আসে অপ্রিয় সত্যিরা।
ফেরারি সুখ দীর্ঘশ্বাস ফেলে
প্রশান্তির ছোঁয়া পায় ।
ভালবাসার স্পর্শে সময় আকাশে
নক্ষত্রের হাতছানি ,দ্বন্দ্বের প্রশ্ন
ভাবিয়ে তোলে ।
বহুদিন পর যেন নিরাপদ নীড়ের
সন্ধান খুঁজে পায়
ভাসমান আশ্রিতা ।-
কাব্যের করিডোরে দক্ষিণার
উজ্জীবিত শিহরনের শিরশিরে পরশ ।গোধুলীর ধূপকাঠিতে।
আবির মাখা একরাশ মুগ্ধতা।
উড়ুউড়ু চঞ্চলতা বয়ে আনে
ময়ূরীছন্দ ।উন্মুক্ততার স্বাদ ।
অধরা লাজুক অনুভূতিতে
নতুন এক পথের সন্ধান,
বদলে দিল গদবাঁধা স্বরলিপি।
নতুন অলংকারে সাজানো প্রহর,
নতুন পথের ঠিকানা এনে দেয় নিঃসঙ্গতার কার্নিসে
রঙ্গিন নতুন পাতাবাহারের ঝুলনা
প্রশ্নের যবনিকাপাত ।