Dec 24, 2021

শৈলেন্দ্র নাথ চক্রবর্তী

দা মশাই ও দা মশাই

দা ' মশাই ও দা ' মশাই , জেগে আছো ? 

সত্যি করে বলো জেগে আছো তো ?

এই অনাথ অনাথাদের দিকে 

তাকিয়ে দেখেছো কি? একটিবার শুধু 

একটিবার তাকাও না,  দ্যাখো না 

ওরা বেঁচে আছে কিনা, বেঁচে থাকার মুরোদ

এখনও ওদের আছে কিনা। 

আমাদের কি মা- বাবা আছে ? 

না ছিল কোনো দিন ?

যদি থেকেই থাকে আমরা মানুষ নই কেন? 

মানুষ হয়েও মানুষ না হলাম কেন? 

অন্যায় করে আর তারও বেশি সয়ে 

পাপের পাহাড় গড়ি। 

আবার তারই আবডালে সুখের বসত করি।

ভুল, বেঁচে বর্তে থাকি।

দা' মশাই তুমি তো আমাদের গুরু ছিলে ।

হাতে ধরে শিখিয়েছো মানুষের মতো 

মানুষ হতে। সৎ , স্বচ্ছ হবার শিক্ষা। 

যে শিক্ষায় আধ-পেটা খেয়ে , কিছু না খেয়ে 

অপরের পাশে দাঁড়ানো যায়। 

মরতে মরতেও প্রতিবাদ ?

আলবৎ তাও করা যায়। 

শুনছো দা' মশাই নিপীড়ন থেকে নিষ্কৃতি নয় ,

পলায়নপরতা নয় ,

তোমার শিক্ষায় শপথ নিয়ে বলতে চাই 

যুদ্ধ দিয়ে যুদ্ধের ঘটাবো পরাজয় ।

একদিন জয় হবে নিশ্চয়। 

বললেই হয় তাই বলতেই হয়।