১.
মিলন
আঁধার এক অফুরন্ত কালরাত্রি যাপন
যন্ত্রণাকাতর সূচ্যগ্র ইচ্ছে মাথাচাড়া দিলে
নিকষ কালো মেঘ শুষে নেয় সব উত্তাপ,
বিছানায় লেগে থাকে রতিহীন ঘাম।
নিস্তেজ জলো চোখের তারা বুজে এলে
হ্যামিলিনের বাঁশিওয়ালা সুর তুলে,
বদ্ধ ঘরে ওঠে বালিয়াড়ি ঝড়।
নিষ্ঠুর আঁধার চিরে পা দুটো ছুটে চলে
গভীর খাদে, শাশ্বত মিলনের অভিমুখে।
২.
নিরুদ্দেশ
পুরোনো অসুখ ফিরে এলে
মেঘেরা অবিরাম গর্জন করে
উত্তরীয় বায়ু বয়ে আনে বিষাদ সুর
প্রতিকার হবে না ভেবে
ছায়া ছায়া পথ ধরে পালিয়ে
মেয়েটি নিরুদ্দিষ্ট হয়।
একটি ছেলে তখনো বসে, অপেক্ষায়
রাঙা পদপদ্ম বুকে দেবে ঠাঁই।
হায়! এই কথাটা যদি জানত মেয়েটা.....