Dec 24, 2021

সুপ্রতিম ভৌমিক

নারী, তুমি জাগো

নারী,

তুমি অনাদিকাল হতে

দেবী প্রতিমার প্রতীক,

মাতৃস্বরূপা, সৃষ্টি স্বরূপীনি,

জগত কল্যাণকারিনী ।


তবে দিকে দিকে আজ

কেন নারী,

লাঞ্ছিতা, অপমানিতা,

খর্ব হচ্ছে নারীর শালীনতা ?

অশালীন অরাজকতা,

অমর্যাদা আর

অত্যাচারের শিকার,

সমাজে উপেক্ষিতা,

ধর্ষিতা, কলঙ্কিতা ।


তা' কি কখনো 

ভেবে দেখেছো, নারী ?

কেনই বা হবে তুমি

জগতে তুচ্ছ-তাচ্ছিল্যের,

অবমাননার পাত্রী ?

আপন স্বত্তা, সততা

আর অনিন্দ্য সুন্দর চারিত্রিক

গুণসম্পন্না তুমি,

ত্রিভুবনে যুগে যুগে

দেবী স্বরূপা,

সুর-নর বন্দিতা,

মানব কর্তৃক পূজিতা ।


আপন স্বত্তায় নিজেকে

অব্যাহত রেখে,

নারী, এবার তুমি জাগো,

অন্তরাত্মাকে জাগিয়ে তোলো,

বিশ্ববীণায় অশুভনাশিনী আগমনী সুরে ;

রুখে দাঁড়াও অসত্য নাশিতে,

শত্রুদমনের তরে,

সর্বমঙ্গলরূপীনি সজ্জায়,

মঙ্গল প্রহরণ হস্তে ।