Dec 25, 2021

রূপালী মান্না

ওরাও দাবী করে একটি কবিতা

প্রকৃতিপ্রেম লেগে থাকুক আমার প্রতিটি অঙ্গে
কর্তামশাই পাশে থাকুক প্রেমিক হয়ে সঙ্গে।
গ্রামের মাঠ, ফুটবল খেলা, জমিতে খাটে চাষী,
আকাশ যেখানে মাটিতে মেশে, হাঁটবো পাশাপাশি।

মেঠো আলের রাস্তা পেরিয়ে, গ্রাম মেশে শহরে
নিয়নবাতির মিষ্টি আলোও কবিতা চায় কবিরে।
কথা দিয়েছি ভালোবেসে লিখে দেবো কবিতা,
গ্রাম হও বা শহর হও দিও একরাশ মুগ্ধতা।

পথের ধারে যে মেয়েটা ভিক্ষা করে খুচরো গোনে
বুঝতে সে পারলোনা যে দেখেছি তাকে একমনে।
সান্তার কাছে যে বাচ্চাটা সেলফি নিতে গেল ছুটে,
বুঝতে কী পেরেছিল সে, সেও থাকবে কবিতাতে ? 

চারদেওয়ালের কাজের মাঝে হাঁপিয়ে উঠলে মন,
তখন আমায় জ্বালিয়ে খায় প্রকৃতিপ্রেম সারাক্ষন। 
সূর্য যখন আকাশের বুকে গা এলিয়ে আদর খায় 
আমাকে তখন খুশি করা যেন প্রকৃতিরই যত দায়।

খোলা আকাশের নিচে একঝাঁক উড়ন্ত বলাকা, 
গ্রাম শেষে শহুরে নিয়ন বাতির আলো,
হাইরোড ধরে ছুটে চলা মারুতি, টাটাসুমো,লরি 
হয়তো ওরাও দাবী করে একটা অভিমানী কবিতা।