ফাঁকি
গুটিয়ে ফেলেছি তাবু এ তল্লাটে কখনোই নয়। অনেক দিয়েছে এই মেঘ, ছাদের ওপর থেকে স্তব্ধ প্যাগোডা , প্রতিটি এটিএম থেকে রাস্তা কিভাবে যে মিলে গেছে মিশনারি স্কুলে। খলখল দিদিমণি। দু -পায়ে নুপুর। অনেক দিয়েছে , তবু ভল্লের কথাই আজ মনে পড়ে যায়। বুক ফুঁড়ে রক্ত ঝরে পথের ওপর ।প্রবঞ্চনা ঘিরে এসে বাঁশবন কালো করে তোলে।মনে হয় এ কোন শহর নয়, মৃতের শহর।দূরে দূরে আলো জ্বলে। ঘাড় গুঁজে ঘুমায় নগরী।পদচিহ্ন মুছে নিয়ে ফিরে যাই আপন ডেরায়,যেখানে এমন কোনো মেঘ নেই যার ফাঁকে আঁকা আছে বিদেশির করুন সমাধি। প্রবঞ্চনা, আজ তুমি আলোর অধিক। গুটিয়ে ফেলেছি তাবু পিছুডাক আর কি মানায়। হিংসার বাইরে রয়েছি। তুমি তো জেনেই গেছো আমার নিজস্ব কোন ক্রোধ নেই।