ব্যক্তিগত ইশতেহার
আমার কবিতা আর কাঁদে না, প্রিয় বোনের ধর্ষণের
আমার কবিতা নিশ্চুপ রয়, মিছিলে গুলি বর্ষনে,
আমার কবিতা হাহাকার দেখে মানবতা গেছে ভুলে,
আমার কবিতা নতজানু আজ সত্য খেয়েছে গুলে।
আমার কবিতা আজ খুব ভীরু, প্রশ্রয়ে মাথা নতুন,
আমার কবিতা সাম্যতে নেই, আজ শুধু দলগত।
আমার কবিতা দিকভ্রান্ত,আজও জাত খুজে চলে,
আমার কবিতা ধার্মিক নয় তবু ধর্মের কথা বলে।
আমার কবিতা অন্ধকারের নিষিদ্ধ পদাবলী,
বিপ্লবে নয় বিক্ষবে নয় আপোষের নামাবলী,
আমার কবিতা গর্জে উঠেনা সমাজ সংস্কারে
অতি চুপিসারে গণিকার পায়ে, ফুল দেয় অন্ধকারে।
আমার কবিতা সম্প্রীতি ভুলে, মানুষে বিভাজন
আদিম সুখে মত্ত থাকে পশুর মতোন
আমার কবিতা নগ্নতায় আঁকা অসভ্য বর্বর
বুকের পাঁজরে শূলাঘাত করে, ভাঙে শুধু মর্মর