Dec 23, 2021

কল্যাণ দাস

অবুঝ মন

যে হাওয়ার আঁচল ধরে,
পথের ধূলা যায় যে উড়ে ঐ সুদূরে;
তারা কি মিলবে আবার ফিরে এসে,
পথের ধূলায় বৃষ্টি শেষে?
তরুর ঐ লাল গোলাপি ফুলেরা সব,
শুষ্ক হয়ে যখনই হয় বৃন্ত হারা;
কাঁদে কি ফুলের মায়ায় বৃন্ত খানা,
তরুর সাথে কেউ জানে না।
যে পাখি বাঁধন হারা!
উড়তে ও তার নেই যে মানা;
বোঝেও কেউ বোঝেনা,
পাখনা ছাড়া কেমন করে মেলবে ডানা?
যে হাসি ক্লান্তি ঘুচায়,
আড়াল থেকে কান্নাকে যে দেয় পাহারা;
সে হাসি হীরার চেয়েও অধিক দামী,
বুঝতে না পায় মন বেচারা।
যে চোখে দিনে রাতে,
স্বপ্নেরা যায় ভির জমিয়ে আড্ডা দিতে;
তারা কি বুঝেছিল চোখের নেশা,
কোন স্বপনের কল্পনাতে?
যে হৃদয় ক্ষণে ক্ষণে প্রহর গুনে,
মিথ্যে প্রেমের বোনে স্বপন;
সে কি হায়! মন বিনিময় পর্বে
তখন বুঝেছিল এমন প্রেমে পড়া বারণ।
যে জীবন একবার পেয়ে হারায় মানুষ,
মিথ্যে মায়ার বিরাট ভ্রমে;
রয়ে যায় স্মৃতি ও তার নিষ্প্রাণ ঐ ছবিখানা,
একটি মালায় বন্দি ফ্রেমে।
আজও হায় যখনই চাই রং সাজাতে,
নতুন করে ছিন্ন মনের ক্যানভাসেতে;
বিবাগি মনটা আমার আজও শুধু তাকেই খোঁজে,
আঁধার রাতের ব্যালকনিতে।