এই শহর কখনো ঘুমাতে যায় না
জেগে থাকে
সে পসারিণীর মত রোজ মেখে
প্রতীক্ষায় থাকে
নতুন কোনো খদ্দেরের আশায়
রূপজীবী এই শহর চির যৌবনা
নিত্য ভোলায় প্রেমিককে,
বিভ্রান্ত বিধ্বস্ত করে — ভাঙে মন।
তার বুক জুড়ে শ্বাপদেরা দিয়েছে আঁচড়
দগদগে চিহ্ন এঁকেছে নিষ্ঠুরতায়
খোলা কেশে কীটের নিশ্চিন্ত বসবাস
উটকো গন্ধেরা আড়াল হয়
সস্তা নকল পারফিউমে।
এ শহরের প্রেমিক
একেকটি বেওয়ারিশ কুকুর
রাত জাগে...
চিলের তীক্ষ্ণতায় পাহারা দেয় প্রেমিকাকে
নিঃশর্ত ভালোবাসায়।
যে শহরের গল্প আপনাকে বলছি
আমি তার পুরোনো এক প্রেমিক—
তাকে ভালোবেসে
আমি পৌনঃপুনিক ফতুর
কোটি টাকার বাজিতে হেরে গেছি
শরাবন তহুরায় ভুলে থাকতে চেয়েছি—
সে আমাকে ঘুমাতে দেয় না;
কুঁজো হয়ে বসে আছি অনাদিকাল একাকী
মধ্যরাতে অন্ধকার ল্যাম্পপোস্টে
নির্ভার করে নিজেকে জেগে আছি
কামনার পানপাত্রে আলোর মতো।
