Oct 31, 2023

আব্দুল গফফার

লালবাতির পরী যুবতীরা

দুর্বাসিনী এখনও দাঁড়িয়ে আছে
ঝাপ্টা খাওয়া বারান্দায়-
দমকা হাওয়ায় ধুয়ে মুছে গেছে, 
পঙ্কিল ঘাম আর শরীর বিক্রির শ্রমগুলো!

নিস্তব্ধ রাত্রে যখন তারারা প্রেম করে-
বাধ্য হয় কলঙ্কের চাষ করতে, 
গভীর অভিসারে লিপ্ত হতে হয় তখন,

নেশাখোরদের চক্রযানে,
প্রতিনিয়ত ঝাপ্টা খায় লালবাতির পরী যুবতীরা-
উন্মত্ততায় কেটে যায়, যাপন করে লালসা নিশি,
মেঘাচ্ছন্ন এ এক অন্য জগৎ।

বেরিয়ে আসে রঙিন সুরাপানের গেলাস
ঠনঠন শব্দে ঋতু বদলে আকাশ খোলসা হয়,
দমকা হাওয়ায় প্রতিনিয়ত ঝড় ওঠে,

টাকা-কড়ি নয়, স্ক্যান করে 
পেশাদারিত্বের হিসাব মেটে,
নগদ মেসেজে পেট ভরে যায় এইভাবে!
যৌনতার স্বাদ আজ মলিন,
শরীর পেতে টাকা ওঠে- 
নিয়নবাতির ঝিমবাতিতে,
সুর ওঠে বেলা বয়ে যাওয়ার গানে।