অনুগল্প
আত্মহত্যা
রবীন্দ্রনাথের রূপনারানের কূল জুড়ে এখন কবিতা নেই, আছে এক মুঠো খাবারের। জন্য লড়াই। বিধ্বংসী বন্যায় ভাসছে গোটা এলাকা। চারদিক অন্ধকারে ছেয়ে আছে। পতিতা পল্লীতে লাশ পাওয়া গেছে। অনাহারে কাটানো মধ্য পঞ্চাশের অভুক্ত কামিনী যে একসময় গিলেছে সহস্র যৌবন সে আত্মহত্যা করেছে। থানা পুলিশ মিডিয়া সব যেনো হামলে পড়েছে। হাজার হাজার উৎসুক চোখ কামিনীর নগ্ন লাশে গল্প খো়ঁজে, রহস্যময় থ্রিলার। আর কামিনী যখন খাবার চেয়েও পায়নি , খদ্দের তো কতোকাল জোটেনি, পড়ন্ত রূপে কে আর মজবে। সে বৃষ্টি ভেজা সন্ধ্যায় ঠিক বুঝেছিলো যে মরাটা খুবই কঠিন বেঁচে থাকার চেয়েও কঠিন। দু দিন তো চেষ্টা করেও পারেনি । তিন দিনের দিন ঠিক পারলো খবর করতে। নিম্নচাপে ঝালমুড়ি গরম খিচুড়ি আর ইলিশের মুখরোচক রেসিপির সাথে বেশ তাজা খবর। একটি আত্মহত্যা দেখিয়ে দিয়ে গেলো আত্মহননের আরও সহস্র অভিমুখ। জল বাড়ছে রূপনারানের কূলে। ভাসছে স্বপ্ন, ভাসছে যৌবন, বাড়ছে আত্মহত্যা।