Oct 31, 2023

বদন চন্দ্র মল্লিক

কলুষিত সমাজ

আমরা কি চেয়েছিলাম আর কি পাচ্ছি সুন্দর পৃথিবীটাকে আমরা কলুষিত করে তুললাম নিজ নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য। আধুনিক সভ্যতার চরম শিখরে এসে আমরা ফিরে গেলাম আদিম যুগের গুহাবাসী মনুষ্য সমাজের মতো। সর্বক্ষেত্রে আমরা আধুনিক সমাজে এসে পিছনের দিকে চলে যাচ্ছি, মানুষে মানুষে হানাহানি, মা, বোনদের বানিয়ে ফেলেছি চাহিদার আঁতুড় ঘর, এই ভাবে চলছে আমাদের সমাজ। বিরামহীন চাহিদার রাস্তা, যেন শেষ নেই।

কারো রাজ সিংহাসনের চাহিদাn শাসন করার চাহিদা, নিজের আধিপত্য বিস্তার করার চাহিদা, এই চাহিদা পূরণ করতে গিয়ে আমরা নিজেরাই নিজের ক্ষতি করে ফেলছি। কোথাও নিজের স্বার্থ রক্ষার জন্য মানুষকে খুন করতে চিন্তা করিনা, সাংবিধানিক পরিকাঠামো মধ্যে বাস করেও আমরা সংবিধানকে মানিনা। যখন নেতা বনে যাই তখন এক এক জন যেন এক একটি সংবিধানের রূপ ধারণ করি। কিভাবে  ক্ষমতা ধরে রাখবে তার কৌশল রচনা করি, আবার যখন ধর্মক্ষেত্রে থাকাই বিভেদের শেষ নাই। সবার কাছে সবার ধর্মগুরু মহান, তবুও এক একটি এএএধর্ম নিয়ে এক একটি জাতির ভিতরে শুরু হয় হানাহানি, আজও বুঝলাম না ধর্ম কি? সৃষ্টিকর্তার এই পৃথিবীটাকে আমরা ধীরে ধীরে বিকৃতি রূপ করে তুলেছি। একদিকে বনভূমি ধ্বংস, এবং বন্য পশুপক্ষীর বিলুপ্তি,  বনভূমি ধ্বংসের ফলে পৃথিবী তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আমরা এগিয়ে চলেছি বিনাশের শেষ ঠিকানার দিকে। ভূমিক্ষয়ের ফলে চাষাবাদের  জমির পরিমাণ কমে যাচ্ছে, জলস্তরে নিচে নেমে যাচ্ছে ,আর চাষাবাদী জমিগুলোতে তৈরি করছি  বড় বড় অট্টালিকা ।

কোথাও তৈরি হচ্ছে অত্যাধুনিক শিল্পের কারখানা, নষ্ট হচ্ছে পরিবেশ, আর বাড়ছে নানা ধরনের মারণ ব্যাধি।

মানুষ ভূমি থেকে পাড়ি দিচ্ছে চাঁদে, মঙ্গল গ্রহে নতুন কে আবিষ্কারের ধান্দায়, কিন্তু এই পৃথিবীর বুকে সীমিত পরিমাণ ভূমি যে ধীরে ধীরে সংকুচিত হয়ে অট্টালিকায় ভরিয়ে যাচ্ছে,, তার বোধগম্য নাই।। আগামী দিনে খাদ্য ভান্ডার শূন্য হয়ে যাবে, মানুষ জলের জন্য যুদ্ধ করবে, খাদ্যর জন্য লড়াই হবে, আবার একদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে নানা বিধ ভাইরাসের কারণে, অতি তাপমাত্রায় বরফ গলার ফলে  ভাইরাস পৃথিবীটাকে গ্রাস করে ফেলছে, তবুও আমাদের চৈতন্য  হয়না।

 আমরা বিলাসিতা চরমে ওঠে পিছনে ফেলা দিনগুলোকে ভুলে গিয়ে আধুনিক থেকে অতি আধুনিক হয়ে পড়ছি। জানিনা এর পরিণাম কি হবে ? মনুষ্যত্ব জ্ঞান শূন্য হয়ে বিবেককে অজ্ঞানের সমুদ্রে বিসর্জন দিয়ে আমরা বিবেকহীন হয়ে পড়েছি, আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় অশ্লীলতা আজ সকলের হাতের মুঠোয়। এই দৃশ্যমান, ঘটনাগুলি থেকে মানুষের মেমোরিতে ডাউনলোড হচ্ছে অমানবিক যত ঘটনা, আপন পর সম্পর্কটা এমন একটি জায়গায় এসে সীমাবদ্ধ হচ্ছে, মানুষের শরীরটাই এখন চরম চাহিদা ও ভোগ বিলাসের আসল সম্পদ হয়ে উঠেছে। যত শিক্ষিত হচ্ছি তত জ্ঞানহীন হয়ে অমানবিক কাজ করতে আমরা কুণ্ঠিত হচ্ছিনা,আগামী প্রজন্মকে আমরা সাময়িক সুখের লালসায় মহা বিপদের দিকে ঠেলে দিচ্ছি।  টাকা, বাড়ি, গাড়ি, নারীর নেশায় এবং নানা ধরনের নেশা সামগ্রী কবলে পড়ে শেষ করে দিচ্ছি যুবক সমাজটাকে। যারা আগামী দিনে দেশের হাল ধরার কথা, কিন্তু  তারা  তিলে তিলে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নেশা ও অসামাজিক কাজে লিপ্ত হয়ে। সুতরাং আর নয় স্বার্থপরতা, এগিয়ে আসুন সকলে সুন্দর পৃথিবীটাকে আবার আগের মত ফিরিয়ে আনি। গাছ লাগান পরিবেশ বাঁচান, শুধু শিক্ষিত নয় জ্ঞানী হোন, বিবেকবান হোন মনুষ্যত্ব জাগ্রত করুন, মানুষে মানুষে হিংসা নয়, সকলে আমরা  মানব জাতি, ভেদাভেদ নয়, ধর্ম শিক্ষা জ্ঞান প্রসারণের একটা পথ মাত্র।

 আর স্বর্গ নরক সব এখানেই বিরাজমান, "আমি কি করছি" তার মাঝে স্বর্গ ও নরককে খুঁজে পাবেন।