Oct 31, 2023

আদিমা মজুমদার

নিকাহ

বিয়ে বাড়িতে প্রচন্ড হইচই শুনে রাস্তার লোক জড়ো হতে থাকে। একজন জিজ্ঞেস করে, কিতা বা কিতা হইছে, আপনার ভাগিনীর বর নাকি নিকাহ  কবুল করতে চাইছে না, সেটা কি ঠিক! সে নাকি আমাদের হাজার বছরের পরম্পরা ভেঙে দিতে চাইছে।কী দু:সাহস ছেলেটার। 

__ আর বলিস না ভাই, দিদিকে বলেছিলাম দেশি কুত্তা খোঁজ। দেশি কুত্তারা বিদেশ গেলে আর দেশি থাকে না, সব বিদেশী কালচার শিখে নেয়। দিদি বলে, মাহির নাকি ১০ বছর থেকে লাভ চলছে। একদিনে সব লাভ লোসকান করে দিল।

__ এই ব্যাপারটা আগে তোমাদের সমাধান করা উচিত ছিল। কথাটি শুনে মাহির মামা চুপ হয়ে যায়।

           মোল্লার গায়ে তীব্র আতরের গন্ধ। বরের কাছে গিয়ে নিকাহ পড়াতে বসেন। প্রথমে দুরুদ শরীফ পাঠ করেন।  ছাঙ্গুর তল নিবাসী জনাব হারিস আলি মজুমদার  সাহেবের প্রথম কন্যা  মাহি খানম পাঁচ লাখ টাকা মহর সাব্যস্ত করে আমাদের উকিল হিসেবে পেশ করেছেন আপনি কবুল করেন, বলেন আলহামদুলিল্লাহ।

কিছুক্ষণ চুপ থেকে বর নিষাদ চৌধুরী বলে ওঠেন ' এটা আমার দ্বারা সম্ভব নয়'। বিয়ে মানে শুধু দুজন মানুষের দৈহিক মিলন নয়।শুধু বন্ধু খুঁজে পাওয়া ও নয়।বিয়ে মানে দুটো পৃথক আত্মা, পৃথক প্রাণ এক হওয়া বুঝায়।

বিয়ে মানে কাউকে একান্ত নিজের করে পাওয়া। যার সাথে ঝগড়া হবে, ভাব হবে... তবু কেউ কাউকে ছেড়ে যাবে না।একটা বিশ্বাস। কথাটা শুনে সবাই হতবাক হয়ে যান। মোল্লা সাহেব বলেন নাউজুবিল্লাহ মিন জালিক।বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্রের' শ্রীকান্ত' উপন্যাসের  শীকান্তের মত উপস্থিত সকলে কে কতখানি হা করিতে পারে তারই যেন লড়াই চলে।

নিষাদের বন্ধু মোবাইল থেকে একটি ভিডিও সবার সামনে তুলে ধরে। সেই ভিডিওতে দেখা গেল ম্যাজিস্ট্রেটের সামনে নিষাদ আর মাহি দাঁড়িয়ে ইংরেজিতে শপথ করছে 'আজ থেকে তুমি আমার 'ল ফুল' হাসবেন্ড। '

বর নিষাদ সকলকে উদ্দেশ্য করে বলে, শুনছেন দেখছেন  পরিষ্কার করে, এক ভারতবর্ষে একটাই আইন থাকে এবং আমরা তা সজ্ঞানে পালন করছি, এখন আবার বস্তা পচা 'আলহামদুলিল্লাহ 'বলতে হবে কেন। আপনারা তো পড়াশোনা জানা মানুষ, কেন শুধু শুধু পেছনদিকে হাঁটছেন।

 মাহির মামা শব্দ করে বলেন লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

                    বউ সেজে বসে আছে মাহি। বন্ধুরা খবর বইছে বাতাসে। কেউ কেউ খিল খিল করে হাসছে। খিস্তি উড়াচ্ছে। মাহি শাড়ির পাড়ের দিকে চেয়ে রয়েছে। পেখম মেলা ময়ুরের ছবি আঁকা পাড়। নিষাদ এরকম কিছু একটা শয়তানি করবে বলে মাহির মাথায় আগেই চিন্তা ছিল।রসুই ঘরের করিডোরে গোল হয়ে বসে পাড়ার মেয়েরা গান ধরেন-' দামান্দ বড় হাউসিয়া মাথার বেসর আনছইন দামান্দে বাছিয়া, আর বাজুবন্দ আনছইন দামান্দে সুন্দরীর লাগিয়া নারে...

           মোল্লা সাহেব বারবার ছদরী ছেড়ে উঠে যাচ্ছেন আবার কারো অনুরোধে বসছেন, বলেন এমন ছন্নছাড়া বর জীবনে দেখেননি। হাজার খানেক নিকা পড়িয়েছেন এ জীবনে। বাড়ি ভর্তি লোক ফিসফাস করছে ।  কেউ কেউ ফোন করে বন্ধুদের জানাচ্ছেন নতুন খবর, টক ঝাল মিষ্টি মিশিয়ে।

       মাহি স্বাগদুক্তি করে," It is very difficult to live with the very successful men, they are not normal. পাশের রুম থেকে ফোন করে নিষাদকে, কেন এমন করছ,' আলহামদুলিল্লাহ' বলে দিলে কি হয়। প্রান্তিক মানুষের আবেগকে মূল্য দিতে তুমিই আমাকে শেখালে। না মাহি ব্রিটিশ আমলের নিয়মগুলো আমাদের পাল্টাতে হবে। কোর্টশিপ করার পর আবার নিকাহ কিসের। প্রান্তিক মানুষদের একথাও বুঝানো দরকার। আত্মীয়-স্বজনদের সাথে পরিচয় হবে বলে আজ এসেছি। কাবিননামায় স্বাক্ষর করেছি।আর কি।দাদিজির মতো কথা বলো না তো।

অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে থাকে নিষাদের দিকে,  যেন মিউজিয়ামে কোন নতুন প্রজাতির জন্তু দেখছে।

মোল্লা সাহেব এবার পবিত্র কুরআন শরীফ থেকে সূরা পড়া শুরু করেন। আস্তাগফিরুল্লাহ।

মাহির বাবা বলেন ভালোবাসার লোক আর খুঁজে পেলে না মা, এ তল্লাটে। আমার ইজ্জত বরম সব খোয়া গেল। সঙ্গে অনেকেই সহমত পোষণ করেন, মাথা নেড়ে।

বাবার কথা শেষ হতে না হতে মাহি বলে, আমি বলছিলাম এরকম আয়োজনের কোন দরকার নেই। আমি তো এখন কচি খুকিটি নই, আমি পুরো ম্যাচিওর।' চুপ থাক 'দুদিন পরে যখন লাথ খাবি, যাবার জায়গা থাকবে না বলে দিলাম। নিষাদের মা বাবাও আলাদা থাকেন। আর সে কি করবে আমার ভালো জানা আছে।

নিষাদের বাবা কাচুমুচু করে ছেলের কাছে এসে বলেন, 'বাবা আর লজ্জা দিস না। 'নিষাদ বলে এটা কোনো লজ্জার ব্যাপার না আব্বু। সত্য বলার জন্য কত কত বিজ্ঞানীদের বিষ প্রয়োগে  মেরে ফেলা হয়েছে তোমার জানা আছে না? এটা তো সামান্য ঘটনা। বলছিলাম আমরা দুজন খুব ভালো ছিলাম,তোমাদের জন্যই...

মাহির মা, মামি দুজনে বারবার মূর্ছা যাচ্ছেন, মোল্লা এসে জল পড়ে মুখে বুকে ছিটা দিচ্ছে।

নিষাদ এবার মোল্লাকে ইশারা করে নিয়ে যায় রাস্তায়। দশ হাজার টাকার বান্ডিল হাতে দিয়ে বলে, 'আলহামদুলিল্লাহ 'না বলে কি করা যায় দেখো। মোল্লা এতগুলো টাকা পেয়ে ভ্যাবাচ্যাকা  খেয়ে যায়। লুঙ্গির খুটে টাকাগুলো রেখে, ঘরে ঢুকেই ইয়াসিনের প্রথম মুমিন পাঠ করে।"  ইয়াসিন অল কোরায়ানিল হাকিম,ইন্নাকা লা মিনাল মুরছালিন, আলা সিরাতিম মুস্তাকিন... "বড় বড় করে বলেন শুনুন, শুনুন সবাই_ আমাদের কাবিন নামায় দস্তাখত হয়ে গেছে। কোর্টের কাগজও আমরা দেখেছি। মাই হাওয়া বাবা আদমের তাও ছিল না। এই বিয়ে বিধি সম্মত হয়েছে। এবার সবাই হাত তুলুন আল্লাহর দরগায় দোয়া করি__

রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার... মাহি এবং নিষাদের জীবন উজ্জ্বল শান্তিময় হোক। এক নতুন পথের দিশারী হয়ে রইল তারা।

একজন জনৈক কবি সেখানে উপস্থিত ছিলেন, তিনি পড়তে থাকেন----

কুরআন-হাদিস সবাই বলে -
পবিত্র সে বেহেস্ত নাকি,
মিলবে সেথায় আসল শারাব
তন্বী হুরি ডাগর আঁখি 
শারাব এবং প্রিয়ায় নিয়ে
দিন কাটে মোর, দোষ কি তাতে?
বেহেশতে যা হারাম নহে-
মর্ত্যে হবে হারাম তা কি?

বি:দ্র: আমার গল্প ঠিক কোনখানে শেষ করবো বুঝতে পারিনা। প্রুফ রিডার বলেন- তারপর? নিষাদ এবং মেহেকের বিয়ে কি হয়েছিল?  

আমার গল্পে অন্য কেউ কথা বললে আমি বিরক্ত হয়ে যাই।প্রুফ রিডারকে বলি, হ্যাঁ হয়েছিল এবং তারা খুব সুখি দম্পতি। 

শেষ দিকটা নাহয় তুমি লিখে নিও।আচ্ছা বদমাশ লোকটা।