Oct 31, 2023

প্রতীচী ভৌমিক

দুর্গার ভিড়ে দুগ্গা

মা তুই দুর্গা হলি দুর্গতিনাশিনী
তোর মত হাজার দুগ্গা খিদায় কাতর অতি।

শৈলবালা এক দুর্গা দিনমজুর খাটে
উমা নামের আরেক দুর্গা রোজ মাটি কাটে।

গৌরী নামের দুর্গা যত চায়ের পাতা তুলে
পার্বতীরা দুঃখ ভুলে নিত্য দিনের কাজে।

শংকরীরা ভয়ংকরী হাতুড়ি পেটায় জোরে
গিরি রাজের কন্যা দুর্গা জন্মায় আকাশতলে।

ভবানীরা বিকায় কেমন- দেখো জলের দরে
সতী নামের দুর্গা যত অসতীদের দলে।

মহামায়া মহা মায়া বিস্তার করে
দুর্গা যত অভুক্ত রয় ছেলেপিলে কোলে।

কাত্যায়নী দ্রাক্ষায়নী শারদা চান্ডিকা
কত শত যোগমায়া দুর্ভিক্ষের কায়া। 

এরই মাঝে কিছু দুর্গা রাধেন বাড়েন খান
আবার এক দুগ্গা রাগ করে বাপের বাড়িও যান।

মৃন্ময়ী এই দুগ্গাই পুঁজি দশভূজা দেবী
সর্বজনীন আনন্দেতে সকল দুর্গা ভুলি।