ইতিহাস যেভাবে মিথ হয়ে মিশে যায়
রাজা চলে যায়, থেকে যায় ধুধু গমনের দাগ
প্রজার চরণে রয়ে যায় ধুলো দাসত্ব রাগ।
অতীত উঠোনে খাদ্য-কথন পাঠ করে কেউ কেউ
নিত্য হাভাতে পেটের ভেতর কুকুরের মতো কাঁদে ঘেউঘেউ।
কান্নার কালি হস্ত রেখায় ওয়ারিশ এঁকে
ক্রমাগত মিশে অভগ্ন দিনে সূর্য গলিয়ে জোছনার বাঁকে।
কখনো কখনো চিত হয়ে পড়ে চুপসানো চরাচরে
তবু ইতিহাস থেকে থেকে রোজ মিথের জন্ম দেয় গাল ভরে।
প্রমোদ গৃহের প্রমীলা এখনো পাঠকের মনে
ভাতঘুম তার আকুলিবিকুলি ঘুমচাপা উনুনে
মননের দেনা তাই মুমূর্ষু পেটে মিথ হয়ে মাথা পাল্টায়
রাজ্যের কথা রাজত্ব ছেড়ে শূন্য কাগজে এভাবেই মুখ লুকায়।