গোধূলির সান্ধ্যআসর
গোধূলির সময়টুকু পার হয় ধীরে
তখন বোঝাপড়ার সময়
কাজলদাগ তুলে আকাশের গায়
পাখিরা ফিরে যায় নীড়ে
দিনশেষের আলো-আঁধারি খেলায়
মেঘেরা এলিয়ে বেড়ায়
আকাশের গায় উৎসবের সাজ
তবু সন্ধ্যাতারা দেখা দেয়।
মায়াময় কারুকাজ গায়ে মেখে
তুলো মেঘপরিরা সাজে সীমান্তপাড়ে
ঘুম ঘুম আঁধারে ডোবে চারপাশ
নেমে আসে অন্য এক পৃথিবী।
জাদু লেপ্টে থাকে গায়ে
বিস্তার হয় সান্ধ্যআসর।
গোধূলি সময়টকু নিবিড় মায়াময়
প্রলম্বিত রঙবাহারি আলপনা থেকে
হৃদয় লাল রঙ চুষে নয়।
ঘনঘোর প্রেমের দাবানল জ্বলে উঠে ক্রমশ
অলস শরীরে ভর করে কথা আর কবিতা
কলমের পাশে গোধূলির আকাশ ঘুমোয়।।