Oct 31, 2023

গীতশ্রী ভট্টাচার্য্য

প্রার্থনা

যেভাবেই নিতে চেয়েছি তোমায় নিজের গভীরে
তুমি ঠিক আড়াল করে নিতে পেরেছে তোমার সত্তা।
কত অর্ঘ্য তোমার পায়ে ঢেলেছি, সময়ে সময়ে 
তোমার পাথর বুকে চকমকি ঠুকেছি নিরন্তর ।
তুমি তবু পাথরই থেকে গেলে, এক বিন্দু জল দিলেনা।

তোমার সাজানো অজুহাত এতই দুর্বল যে ভেঙে পড়তে
পারে সমস্ত কেল্লা, মন্দিরের প্রাচীর আর বিশ্বাসের মন।
শক্তি জড়ো করে তবু কৌশল খুঁজি ভরসা বাঁচিয়ে রাখার, মন্ত্রে মন্ত্রে জলছড়া দেই দেবালয়ে,বিগ্রহে।

জাগিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি দিন রাত
জানি তুমি জাগবে না আমার আর্তনাদে।
তুমি কৃপণ বড়, অনিচ্ছুক দানে এবং ধ্যানে।
তোমার সকল পূজো জুড়ে শুধু বলির রক্ত,
তোমার বেদিতে তাই আজও আমার শোণিত কান্না।