Oct 31, 2023

পঙ্কজ কান্তি মালাকার

কলসীভূত

একবার বসার অভ্যেস হয়ে গেলে আর কি দাঁড়ানো যায়?
চার শেয়াল দাঁতে ছিঁড়ে খায় হাঁটুর শিরা থেকে রক্ত,
একটা রাক্ষুসে হাঁ-মুখ থলেথলে ভুরি দশজনকে গিলতে
পারে,
তেমনি এক কলসী-আসনের ছদ্মবেশে এসেছে
নরপিশাচ।

দুর্গার মহিষমুণ্ডু-ছেদনের মতো তার চার দাঁত ভাঙতে পারবে কি পায়ের লাথে?
দশটা কাজ দশ হাতে সারতে হয়
দশহাতে দশদিকে ডাকছেন মা ভবানী
ছুটে চলো ক্ষেত বাজার কারখানা মাঠ..... ডিঙিয়ে
চেয়ার দেখুক দশদিক জুড়ে তুমি চেয়ারের চেয়ে বিশাল
চাষার মতো এক কর্মঠ গঠন,হাতে অপরাজিতার কবচ।