মন্দির - মসজিদ
আমি একদিন মনানন্দে মাসির বাড়ী যাচ্ছি --
অবাক কাণ্ড! পথের মাঝেই আত্মীয়দের পাচ্ছি।
পুরো গাড়ীতে নিজেদেরই লোক,আনন্দ নয় স্বল্প ;
মহানন্দে সবাই মিলে শুরু করলাম গল্প।
দেখতে পেলাম পথের মাঝে মসজিদ একটি দাঁড়িয়ে,
চোখ মন তখন গেলো আমার সেইখানেতে হারিয়ে।
মসজিদের প্রতি ভক্তি যখন করলাম আমি নিবেদন,
এ কী রে -- তুই না হিন্দু মেয়ে! বলে উঠলেন স্বজন।
মসজিদের প্রতি ভক্তি কেনো?আমরা তো তা করিনা!
আমি তখন বলি, তোমাদের কীসের এতো গরিমা?মসজিদ ওদের,মন্দির মোদের এসব আবার কী?
আল্লা ওদের,ভগবান মোদের এসব কেনো, ছিঃ!
ছোটো থেকেই পড়ে এসেছি স্রষ্টা এক ও অভিন্ন
আমার কাছে তোমাদের ধারণা সদাই লাগে ঘৃণ্য।
ভেদাভেদ নেই আমার মনে,সব ধর্মেই করি ভক্তি
জানো,আমার কাছে সরলতা নামক আছে মহা শক্তি।তোমাদের মন জটিলতায় পূর্ণ, তাইতো এতো যুদ্ধ
তোমরা কি কোনোদিনই হবে না পবিত্র ও শুদ্ধ?
বাচ্চাদেরকে ভেদাভেদ শেখাও,এটাই তোমাদের নীতি
একটিবার গাওনা স্বজন সংশোধনের গীতি।