কখনো যদি মনে হয়
কখনো যদি মনে হয়
অহেতুক জায়গা দখল করে বসে আছি
সরাসরি বলে দিও,
আকারে -ইঙ্গিতে, আচারে-ব্যবহারে
বোঝানোর দরকার নেই
বোঝানোর দরকার নেই যে প্রয়োজন বা প্রিয়জন কোনো তালিকারই আর অন্তর্ভুক্ত নই।
কখনো যদি মনে হয়
পুরানো শার্ট বেল্ট ঘড়ি বা রুমালের মতো
বদলে ফেলা দরকার ,
তবে সরাসরি বলে দিও প্ৰিয়
আঘাতে আঘাতে জর্জরিত করার দরকার নেই।
কখনো যদি মনে হয়
ছেড়ে আসা বেঞ্চ, ক্লাসরুম, পুরানো কিছু বন্ধু বা প্রাক্তন প্রেমিকার মতোই
আমায় ঘিরে শুধু কিছু স্মৃতিই সঞ্চয় হোক
তবে সরাসরি বলে দিও জানো
সম্পর্কে মরচে ধরানোর দরকার নেই।
কখনো যদি মনে হয়
প্রানোচ্ছল নদীর মিষ্টি জল ছেড়ে
কোনো কামিনী সমুদ্রের চিবুক থেকে
পান করতে চাও নোনা জল ,
তবে সরাসরি বলে দিও প্ৰিয়
শুধু শুধু ভনিতা করার দরকার নেই।
আমার জন্যও অপেক্ষা করে আছে
আকাশ,সমুদ্র,পাখি,জঙ্গল,নক্ষত্রলোক
বা অপেক্ষা করে আছে শতাধিক স্বরলিপি
মুক্তির আশায় ;
অথবা মুঠো মুঠো প্রেম নিয়ে অপেক্ষা করে আছে
কোথাও কোনো অবুঝ প্রেমিকহৃদয়,
পৃথিবীতে মানুষ জন্ম একবারই
তোমার অবহেলা সয়ে বেঁচে থাকার দরকার নেই।