তিতাস - ২
কেন জানি, একটি ছবি, অবিকল কলকল
হেসে ওঠে বুকের গভীরে।
জানি-না, ঝড়ের তলানিতে,জ্যোৎস্না যখন ঘুমিয়ে পড়ে,
তার কলতল, চির চির করে কি-না
আমার তৃষ্ণার দুপুরে।
সোহাগ চিরাগ তুলে , ভয়ংকর সর্বনাশের ঘরে
কে এঁকে দিল, গোমতী মায়ের হাত !
সেই হাতের অঞ্জলিতে ------ জলপান ,
একটি তপ্ত দেহ , রুগ্ন প্রাণ.....
বালিকার নগ্ন মুখের.আঁধার কালো.উদ্ভিন্ন চোখ।
সেই চোখের রশ্মিতে ভেজা. অবিকল গোবিন্দমানিক্য
ও জোড়াসাঁকোর বিখ্যাত বাউল. অব্যক্ত দিনের তার ।
সেই আলোর মুখ থেকে. বার বার সরিয়ে আনি
আমার গোপন অন্ধকার। যেখানে বিভাজনের জনপদ
রাতের গলা টিপে হত্যা করে বালিকার নগ্ন মুখ ,
আঁধার কালো উজ্জ্বল চোখ ।
আর লজ্জার বালাই পকেটে পুরে ,
ডান কান , বাম কান , মলতে মলতে
কখনো মিশে যাই ----
নগরের নিশান উড়িয়ে , কৌটিল্য বা চানিক্য- সার্কাসে ।
অতি সন্তর্পনে , কখনো বসি
একাধারে রঘুপতি ও গোবিন্দমানিক্যের
আলখাল্লা পড়ে ।
একটি ছবি , হেসে ওঠে, অবিকল
আমার বুকের ভিতর !