Jul 30, 2022

সাগর শর্মা

মেনে নেওয়া

সহায়তা করা কোনো অপরাধ নয়-
গ্রহণ করলে লাভ একথাও জানি;
লোন নেবার জন্য
ব্যাংকের সামনে ধর্না দিতেও রাজি।
মনে হয় স্বেচ্ছায় দাতব্য করতে বসেছে,
বিনামূল্যে পরামর্শ আর উপদেশের নোট ঝাড়ে
সুদের কথা অদৃশ্য কালিতে লিখে
খাতায় করমে প্রেরক বক্তা সে...
বিনিময়ে সুদ দিতে হবে না,EMI আছে তো!
তাই,আমি ঋণী হতেও অপারগ।
মহাজনি কারবারির আধুনিক সিন্ডিকেট 
ব্যাংক না হলেও
ঋণ দেবে দৃশ্যমান কালি দিয়ে
সুদের হার বা সময় সে তো সংখ্যামাত্র
সে শুধু দেবে,কিছুই নেবে না
রপ্তানি করে তবু আমদানি বন্ধ,
পরামর্শ ও উপদেশের ফাঁদে পা দিতে দিতে
ঋণী হয়ে ফেঁসে যাব একদিন
কী আর হবে - এভাবেই নির্ভর করে
বেশি হলে নিজেকেই দেব বেচে।
কথা বলে কাজ নেই-
বেপাত্তাই রয়ে যাবে আমার কথা;
আঘাত পেলেও আঘাত দিতে নেই-
শূন্য শতাংশ সুদে,
ফেঁসে গিয়েও ঋণী হবার জো নেই!
পাষাণ হৃদয়ের অধিকারী প্রবক্তাও
আঘাত পেলে স্পঞ্জ হয়ে যান;
প্রতিভা এখানে বয়স মাপে মশাই
না মানলে বন্ধুও হবে শত্রু।
অতএব,শান্তির জন্য মেনে নেওয়াই শ্রেয়।