May 18, 2022

অভিজিৎ পাল

১. শুধু তুমি

আমার মন খারাপের দিনে
তুমি শাওনের মেঘ হয়ে ভিজিয়ে দিও ,
গুনছি আমি সেই প্রহর
একবার নয় বারবার আমায় ছুঁয়ে যেও ।

২.শুধু তুমি - ১

যেদিন আমি ফিরবো না আর তোমার চেনা নীড়ে ,
সেদিন তুমি খুঁজবে আমায় অজুত তারার ভীড়ে ;
রইবে শুধুই স্মৃতিগুলো সাজানো ব্যাথার শহরে ,
আমিতো শুধুই তোমায় ভালোবেসেছি মরীচিকাসম এই সংসারে ।

জহরলাল দাস

১. মা

ভবঘুরে কুমারী বোন 
বছর ঘুরে মা,
অন্ধকারের প্রানীগুলোর 
নাম তো জানে না। 

২.সমাজসেবী 

ভাইয়ের প্রতি নজর নাই
বোনের প্রতি দৃষ্টি,
সমাজসেবী রাধামাধব 
হাসিটা কি মিষ্টি!

অভিজিৎ চক্রবর্ত্তী

১. অশ্রু

বোকা মনে সর্বদা অহংকারের  বসবাস। 
পতনের বেদনায় ঘনীভূত মেঘ, 
চোখের কোণে অশ্রুরূপে বাইরে প্রকাশ।
মেঘমুক্ত মন শান্তির আভাস।। 

২. অবহেলা 

অবহেলায় খাঁটি সোনাও কলঙ্কিত হয়। 
অযত্নে সুস্বাস্থ্যের হয় অবক্ষয়।। 
অনাদরে সুপুত্রও কুলাঙ্গার হয়। 
অবহেলায় সুসম্পর্কের বন্ধন হয় ক্ষয়।।

মীনাক্ষী চক্রবর্তী

১.শান্তা 

সুন্দরী তুমি এককালে ছিলে
অপ্সরা নন্দনকাননে
আজ এসেছ আমার দুয়ারে 
বিধাতার একটু ভুলে।

২.শান্তা. ২

শিখা থেকে তোমার উত্তরণে
পথে যত পেয়েছ উড়ো জঞ্জাল 
এক লহমায় দূর করে দিয়ে
নিজালোকে হয়েছ উজ্জ্বল।।

রঞ্জন ভাওয়াল

১. শীতের আদর 

ঝাঁকে ঝাঁকে ফেরে পাখি 
আঁধার নামার আগে 
হিমেল বাতাস গান করে যায়          
সন্ধ্যাকালীন রাগে।  

২.ভালোবাসা 

ভালোবাসা চারটি বর্ণ 
সহজ নয়তো বলা 
সুখে দুখে পাশে রব 
একসাথে পথ চলা

আব্দুল হান্নান

১. স্বপ্নের দেশে

নিঝুম রাতে গানের সাথে
মন চলে যায় ভেসে
লাগেই ভালো নতুন আলো
স্বপ্নের কোনো দেশে।।

২.স্বপ্নের শেষে

নাইবা পেলাম কাছে তোমার 
অন্তরে কি নাই?
যতই চলো আড়াল করে
ঠিক দেখতে পাই।।

সপ্তশ্রী কর্মকার

১. সুখ

পথভ্রষ্ট পথিক লোকের স্পর্শে ভালোবাসা খোঁজে,
সম্পর্ক টেকাতে ওরা সময়ের বিশ্বাসী হয়। 
আরশিনগরে প্রিয় জনের হাসির খোঁজে, 
জাগ্রত স্তুতিগাঁথাতে সুখ যেন স্থায়ী হয়।

২. লড়াই

একটা দেশের যুক্তি,মুক্তি বলে কিছু থাকে না,
যদি স্বেচ্ছায় বোমা নিক্ষেপ না করে বোদ্ধারা।
জঙ্গিরা ঘাড়-মাথার সংযুক্তিস্থল,
কাঠগোড়ায় তো দাঁড়ায় শুধু নির্দোষ জনগণেরা।

রিয়া বৈদ্য

১. গোধূলি বেলা

সন্ধ্যে হলে আকাশে কাঁদে পাখির মিছিল।
তারাদের ক্লান্তি ঝরে চাঁদের শরীরে।
সাজানো নগর বাড়ি রাত জ্বেলে দিলে,
স্বপ্ন পোশাক ছাড়ে রাতের গভীরে। 

২. ভালোবাসা কেনা যায় না

ভালোবাসতে গেলেই আবার
হৃদপকেটে খুচরো থাকে না।
তাইতো যাকে ভালোবাসি
সে যে আমার সবটুকু দিয়ে কেনা।

আব্দুল গফফার

১.কবিতার পুরস্কার

কবিতার খাতাটা খুলে দেখো একবার,
প্রতিটি শব্দ যেন আজ কালিমালিপ্ত-
নিথর হয়ে শায়িত অজস্র শব্দমালা
জানে সে কোনদিনও পাবে না পুরস্কার।

২. হিসাব নিকাশ

মেলায় মেলা লোকের আনাগোনা,
কেউ বিকোয়, খরিদ করে কেউ-
দর কষাকষি, হিসাব নিকাশ চলতেই থাকে,
জীবনেও যে হিসাব মেলেনা কোনদিন।

May 17, 2022

সামসুজ জামান

১. নারী ও সমুদ্র

নারীরা সমুদ্র নাকি সমুদ্রই নারীর মতন?
ডোবানো ভাসানো তার সহজাত রতিক্রিয়া যেন।
সেভাবেই গড়ে তোলে জীবনের ছন্দপতন অনুক্ষণ।
তবুও সমুদ্র আর নারীতে মন নিবিষ্ট আর সম্পৃক্ত থাকে বলো কেন
‌
২. প্রেরণা  

কুয়াশাতে 'কু' থাকে, তবে কিনা আশা ও তো থাকে।
এভাবেই ভালো-মন্দ প্রতিক্ষনে আমাদের কাছে ডাকে।
মন শুধু আশাহীন, দিশাহীন যাত্রাপথের মত শঙ্কিল।
সঠিক লালিত হলে সেও দেখো হয়ে যাবে সোনালী ডানার চিল।

মৌমিতা ঘোষ সেনগুপ্ত

১. শুধু কবিতার জন্য

অতল থেকে কথা তুলে মালা গেঁথে নিলাম,
ছড়াও পথের ধুলোয় গড়াগড়ি।
তুলে আনা কথাগুলো দুহাত ভরে পথের ধুলো মাখে-
ধুলোর স্পর্শে পদ্য হয়ে সুরে ছন্দে সাজে।

২. ডাক

অপরিপূর্ণ ইচ্ছেনদীটা  হৃদয় ছুঁয়ে আছে ,
ডাক শুনেছে বাঁক বদলের রোগে ক্ষয়ে যাওয়া ভিতরের আমিটা-
তবুও স্বপ্নের স্রোতে প্রত্যাশায় বেঁচে থাকি।
মনের গ্রন্থি গড়ানো বিষরস ফেলে,
বৃষ্টি শেষে অবসন্ন বিকেলে- একলা দিনের ডাক শুনি ফোঁটা ফোঁটা জলের সাথে।

নন্দিতা দাস চৌধুরী

১. আবেগ

তোমার  চন্ডীদাস মন যখন বেড়ায় নদীর কূলে,
আমি তখন ডুব দিয়ে উঠে গামছা আঁকড়ি  চুলে।
যখন তুমি প্রিয়নামে ডাক মধুর সুরে,
আমার ময়ূর দুয়ার খুলে নাচে উঠোন ঘুরে।

২. টুকরো টুকরো মৃত্যু

উত্তুঙ্গ বাতাস  আমি শাঁই শাঁই  শব্দে নেমে আসি পোড়া মরুভূমির  ঊষর  বালুচরে একমঠো অভূক্তদের  লাইনে বাতাসে উড়ন্ত  খালি ঠুঙার  পেছনে দৌড়ে আসা নেংটা শিশুর  দলে।

অনন্যা ভট্টাচার্য

১. ভালো আছি

নিঃশব্দে সন্ধ্যা নামছে-
মহাকাল যেন ব্ল্যাকহোল
সবকিছু গ্রাস করছে
তবু বলি 'ভালো আছি'।

২. অমৃতা

নির্ঘুম রাত আর স্বাতী নক্ষত্র
কল্পনায় ভাসার সাক্ষী, একফোঁটা
জলে ঝিনুকে মুক্তো হলে 
আমিও অমৃতা হতে চাই।

May 16, 2022

অশোক মন্ডল

১. বহুরূপী 

নানা রঙ এক মুখে মাখছি
নানা সুরে হাররোজ হাঁকছি।
কালকের ভালো আজ কালো বলছি
অভিনয় দেখাতে বহুরূপী রুপে চলছি।

২. জীবন

প্রদীপের শিখা খানি ভাবে আমি জ্বলব সারাক্ষণ 
তেল বলে তুমি হারিয়ে যাবে আমি রইবনা যখন।
ফুরাবে যেদিন নেভাবে সেদিন তুমি ধীরে ধীরে 
আঁধার ধরবে ঘিরে তোমাকে পরে রবে তিমিরে।

গোবিন্দ মোদক

১. ইতিহাস

আমরা কেউ ইতিহাস লেখক ছিলাম না 
এখনও তা নই, হবোও না কোনওকালে। 
তবুও অজান্তেই ইতিহাস লিখে যাই 
তারপর হয়ে যাই ইতিহাস।

২. মূল্যবোধ

কে যেন বলেছিল —
মেয়েরা দায়িত্ব নিয়ে জন্মায় 
ছেলেরা জন্মায় অধিকারবোধ নিয়ে।
সেদিন মানে বুঝিনি 
আজ বুঝি মেরুকরণের পার্থক্য 
অথবা মূল্যবোধের ফারাক।

রুপালী রায়

১. ভাষা
     
আমার রক্ত শিরায় শিরায় 
বাংলা তোমার নাম।
তোমার ছন্দে,  গীতিতে 
ভুলিয়া যাই
দুঃখ, বিষাদ অভিমান ।

২. ভ্রম 
      
নাই নাই সুখ নাই ,
প্রেম নাই, 
গীত নাই । 
যাহা আছে সব আমার
হৃদয়ের ভ্রম ।

অভ্রজিৎ দেবনাথ

১. আগুন

আমার সব ব্যর্থ কবিতা
খুঁজে পেয়েছে আগুন,
তুমি এসে দিয়ে গেছো
বেঁচে থাকার হলমার্ক।

২. পথ

এই‌ পথেই‌ প্রথম দেখা
যুবতীর চোখ মনে আছে বরাবর;
অপেশাদার প্রেমিক কবিতা বোঝেনা
খোলা আকাশের নীচে লিখেছি স্মারকলিপি।

অভিষেক অধিকারী

১. চিত্রপথ 

তুলির আঁচড়ে রবীন্দ্রনাথ এঁকেছি
রবীন্দ্রনাথ কথা বলে নি।
ক‍্যানভাসে রবীন্দ্রনাথের নিঁখুত উপস্থিতি,
তাই ওটা রবীন্দ্রনাথ হয় নি।

২.ভাষাপথ 

বিপ্লবচিহ্নিত পতাকাও স্পর্শ করতে পারে,
প্রেমের উষ্ণবাহুমূল।
আমাকে ছুঁড়ে দিও না আর একটা রণক্ষেত্রে।
প্রেমিকার হাতধরে হাঁটতে দাও না-মানুষীর দেশে।

রুনা নন্দী

১. দহন

আগুন জানে জলের ছোঁয়া
কতোটা ঠিক আন্তরিক
পুড়িয়ে পোড়ে বাইরে ভিতর
জলের খোঁজে ঐকান্তিক

২.দহন-১

মোমের গলন সোহাগ স্রোতে
আগুন ভালোবেসে
পুড়বে তাপে মনের চাপে
তবুও দুচোখ হাসে।

বর্ষা দে

১.কজন

কজনা মায়ার জলে ভেজে,
কজনের ভাঙ্গে মন।
একজন যদি নীরবে কাঁদে।
ঠিক অন্য দিকে
 মনে মনে বড্ড খুশি আড়ালে আরেকজন।

২. বড্ড কঠিন

এই দুনিয়া বড্ড কঠিন
লোক দেখানো যাত্রা পালা।
বাস্তবেতে সব স্বার্থের সাথী,
প্রবাদ বাক্যের  "গাঙ পার হইলে মাঝি শালা"।