মনেরও মন্বন্তর থাকে
কে যেন কাগজে আঁকে পর্দা টানানো জানালা
কাগজে ভাসায় নদী
কে যেন জল ঘেঁটে কাগজ ভেজায় একলা নিরবধি!
কাগজ ছিঁড়তে গিয়ে কে যেন মন ছিঁড়ে রোজ
রক্তভেজা সে মনের কতজন রাখে খোঁজ!
কিছু কিছু প্রেম শস্যহীন সৌন্দর্য ছড়ায় পুষ্পনীড়ে
কারো কারো ডাক নাম পচে যায়
ঢেকে দেওয়া মৌলিক নামের ভিড়ে।
কারো কারো চোখে পড়ে ঈর্ষার আবছায়া আলো
অভ্যাসের চোট নিয়ে কেউ কেউ সম্পর্কে ছড়ায় কালো।
কে ফিরে পেতে চায় নির্জন রাত
আবেগে ঠাসা কৈশোর?
কে ফিরে পেতে চায় দুপুর
সিঁধকাটা ভোর
কার গেছে স্বপ্ন ভেসে
জেগে আছে কার ব্যথানীল ভীষণ ভাংচুর চোখ
কে সে ফিরে পেতে চায়
বিষাদের ভাঁজে ঝুলে থাকা প্রিয় প্রিয় মুখ?
কার যেনো কণ্ঠ খসে পিছলে যায় কৌশলী সতর্ক শব্দ
গল্পের হট্টগোলে কে যেনো ঠিকানা হারিয়ে হয় জব্দ!
কেউ বোঝে না মনেরও মন্বন্তর থাকে
বহু মন মরে যায় দেহের গোপন বাঁকে।