Nov 30, 2025

সৌমিত বসু

যে একা সে একা নয় 

দুটো লোক একসাথে হেঁটে যাওয়া মানেই কিন্তু শুয়ে পড়া নয়।
শুয়ে পড়ার জন্য পেরোতে হয় 
বেশ কয়েকটা অচেনা খাদ। 

গাছে গাছে ফুল আর চারিদিকে পাখি ডাকছে, 
মানেই কিন্তু বসন্ত এসে গেছে নয়।
বসন্ত আসতে গেলে পেরিয়ে আসতে হয় যোজন যোজন ঋতু।

তুমি আকাশ ভালোবাসো ,আমি নদী। 
তার মানে এই নয় যে আমরা কখনো হাত ধরে হাঁটতে পারবো না। 
এইসব পায়ে চলা পথ দেখে 
কতো বিদ্রুপ সাজিয়ে দেয় মানুষ 
কতো মুখোশ পাল্টে পাল্টে মানুষকে দেখানো 
তার মানে এই নয় যে মূল্যায়ন সঠিক হয়ে গেল।
 
যারা একসাথে হাঁটছে তাদের জন্য আমার লাল কার্পেট।
যারা একসাথে গাইছে ,তাদের জন্য আমার তুলে আনা বোগেনভেলিয়া। 
যারা একসাথে কবিতার কথা বলছে তাদের জন্য আমার হৃদয়। 

হাঁটো বন্ধু হাঁটো ।
মহাকালে টিকে থাকার জন্য 
হেঁটে চলো যুধিষ্ঠিরের আদলে 
সামনে চোখ রেখে হাঁটো ,সঙ্গে যতক্ষণ দ্রৌপদী হাঁটবে 
সঙ্গে যতক্ষণ থাকবে অর্জুন ততক্ষণ হাঁটতে থাকো তাদেরই সঙ্গে 

আর সঙ্গে কেউ না থাকলে 
কুকুর ধর্মরাজকে সম্বল করে 
উঠে পড়ো রথের চূড়ায়।