Nov 29, 2025

উমাশংকর রায়

পাণ্ডুলিপি ও তার দ্বিতীয় অধ্যায় 
    
যতই ভাবছি সিঁড়ি ভেঙে উঠছি উপরে 

পাণ্ডুলিপির পৃষ্ঠা খসে পড়ছে নিচে
চিলেকোঠা থেকে।

দুঃখগুলো পাপোশের পাশে গুটিয়ে রেখে 
পতিত পৃষ্ঠাগুলো কুড়িয়ে নেব ভেবে 
তাকালাম নিচে।

আশ্চর্য ! শুরুর সংলাপগুলো 
সুতো ছিঁড়ে উড়ছে আকাশে

ভাবছ দ্বিতীয় অধ্যায়ের শিরোনামটি হবে নিশ্চয়ই -
ভোকাট্টার উড্ডয়ন দৃশ্য কিংবা ছেঁড়া-পাতা।

আপাতত থাক সে-পর্ব

এই বিরতির সময় 
বরং 
ভেবে বলো তুমি -

সিঁড়ি ভেঙে আদৌ উপরে যাব কি না।