Feb 21, 2024

কমল সরকার

মুখের ভাষা

ঠাম্মা বলতো 'বেনুন' —
দেশি মরিচের ঝাল, জিভে চোখে 
জল ঝরে যেত খুব। 
বাবা তবু চেটেপুটে খেয়ে নিত সবটুকু ভাত।

মা বলতো 'তরকারি'। 
ঝাল কিছু কম, কিছুটা চিনির মিষ্টতা। 
আমরাও পেট পুরে খেয়ে নিয়েছি
একটিও ভাতের দানা নষ্ট না করে। 

এখন আমার শহুরে যাপনে
রঙিন ক্যাপসিকামে সেজে ওঠে 
'সবজি' বা 'মিক্সড ভেজ' —
ঝালের বিকল্পে চিলি সস্ বা টম্যাটো পিউরি। 
আমার মেয়ে তৃপ্তি করে খায়। 

প্রজন্ম থেকে প্রজন্মে পরিভাষা বদলে যায়,
বদলে যায় রান্নার উপাদান ও মশলাপাতি। 
তবু দেখি, আহারের পরিতৃপ্তিটুকু
এখনও শাশ্বত, অমলিন ;
যেমন আমাদের চিরকালের 
মায়ের মুখের বাংলা ভাষা।