Feb 20, 2024

ছন্দা দাম

মা তোকে ছুঁয়ে

সাদা গরম ভাতের কণায় কণায় বাংলা,
মুগডালের ফোরনের সৌরভে মা ভালোবেসে আঁকড়ে ধরে,
গ্রাসখানা মুখে তুলে যে পরিতৃপ্তি...
মা তোর মুখের আদল উঠে আসে আমার মুখে।
এক গ্লাস জলের তৃষ্ণায় খুঁজে মরি একটা জীবন...
খা খা বুকের কথাগুলো চোখে উঠে ছলছলিয়ে।
মা তুই জিভের ডগায় ছুঁয়ে দিয়েছিলি মৃতসঞ্জিবনী...
পাখির মতো তাই নিজের ইচ্ছেকে শোনাতে পারি কিচিরমিচিরে,
গামছার লাল সাদা সুতোর রন্ধ্রে রন্ধ্রে ঘামের ঘ্রাণ...
প্রাণের খোঁজে লাঙলের ফলা তোর বুক চিরে।
মা তোর বুকের রক্তে অবগাহন করে...
ভোর থেকে রাত গভীর বিনিদ্র যায় ঝরে,
আমার আমিকে খুঁজে ফিরি সবুজ পাঁজরের খাঁজে...
আমার কথারা খোঁজে ভাষা আকাশি আঁচলের ভাঁজে।।