Feb 20, 2024

গীতশ্রী ভট্টাচার্য

আমার ভাষা

রক্ত ঝরিয়ে ছিনিয়ে আনা ভাষা থেকে আজও
মধু ঝরে; প্রাণের বিনিময়ে প্রাণ নয়, মুখের ভাষা
বুকের ভাষা আগলে রেখেছি নিজের ঠোঁটে।
আজও মাধুর্যের সেরা প্রকাশ আমার ভাষা।

আমার চোখ , আমার মুখ কথা বলে বাংলায়
আমার চাপা রাগের গরগর আওয়াজ বাংলায় গর্জে উঠে; আমার শিকলের ঝনঝন প্রতিবাদ করে
তীব্র বাংলায় চোখে আগুন ঝরিয়ে। 

মায়ের পেটে থেকে শিখেছি যে ভাষা তার জন্য
আলাদা করে প্রেম জন্মাতে হয়না । 
রক্তের প্রতি শিরায় শিরায় বয়ে যায় ভালবাসা,
অভিমান , আনন্দ আর মৃত্যুর উপেক্ষা।

বাংলা ; তুমি আমার সত্ত্বা জুড়ে থেকে যেও যেমন আছ। আমার স্মৃতিভ্রংশ ও যেন কেড়ে নিতে পারেনা আমার জন্ম জন্মান্তরের ভাষা।