Jul 2, 2024

সৌমিত বসু

তুমি চলে যাওয়ার পর

এই পথে রোজ ডাক দিয়ে যায় বিষণ্নতা । এই পথে রোজ আমদুধরঙা চাঁদের সাথে দেখা হয়। গা বেয়ে নেমে আসছে কেউটের লম্বা খোলস। ইঁটের ভাঁজে জন্ম দেবে বলে প্রস্তুত হয়ে উঠছে অনুষঙ্গ। মেঘগুলো পাথরের ভঙ্গিতে নিঃসাড়। শুধু জন্মদিনের আতঙ্কে আনন্দকে মোচড় মেরে বেরিয়ে আসছে বিষণ্নতা। লালচে পাতাগুলো থমথম করে জেগে উঠছে খিদেয়।

একটা প্রকান্ড মাঠ। মা-হারার মতো সারাটা বুক ধু -ধু নিঃসাড় , কতজন্ম পর চোখ মেলছে হাতের ইশারায়। এই পথ জুড়ে বিষণ্নতা ডাক দিয়ে যায়। এই পথ জুড়ে পাতা ঝরে। তার মর্মরিত অশ্রুদাগ লেগে থাকে পথের ওপর। এই পথ বেয়ে কতজন চলে গেছে নতুন বউয়ের সাথে। এই পথে মা পুড়িয়ে ফিরেছে অনেকে । উপুড় কলসি থেকে ফোঁটা ফোঁটা বিষণ্নতা মিশে যায় ধুলোর পরতে। আমি দেখি।

রাত যত ঘন হয় ছায়াগুলো দীর্ঘ হয় তত। পাতা বেয়ে অশ্রু ঝরে পড়ে। মাথার ওপর ঘুরে ঘুরে বেজে চলে অসহ্য চিৎকার। খসখস শব্দ তুলে পায়ে পায়ে কারা যেন আসে। তোমার নামের পাশে আহত অক্ষর। এই অক্ষর গেঁথে তৈরি করা ছাদে বিষণ্নতা পতাকা ওড়ায়।