Jul 2, 2024

কমল সরকার

একদিন বৃষ্টিতে 

তারপর একদিন আমাদের দেখা হয়ে যাবে, কোনো একদিন বৃষ্টির বিকেলে।  পূর্বাভাস ছাড়াই হঠাৎ কখনও বৃষ্টি নেমে এলে সমস্ত পথচারী যেমন আশ্রয় নেয় কোনো অস্থায়ী ফুটপাতি দোকানের ছাউনির নিচে, আমরাও এসে দাঁড়াব পাশাপাশি, ভেতরে ভেতরে সামান্য কেঁপে গিয়ে।

কোনো প্রয়োজন নেই তবু নিছক কিছুটা সময় কাটানোর ছলে সাজানো পসরা থেকে একটা দুটো জিনিস হাতে তুলে নিয়ে যেমন অবান্তর দরদাম চলে, আমরাও তেমনই বলব একটা দুটো অহেতুক কথা। যতটা মুখর সংলাপ, তার চেয়ে ঢের বেশি নীরবতা জড়িয়ে থাকবে দুজনের মাঝে।

তুমি বলবে, তুমি শুরু করেছিলে নৃত্য অ্যাকাডেমি। তারপর ওই যা হয়, স্বামী-সংসার, একটা থেকে দুটো সন্তান... এখন আর অবসর মেলে না তেমন। কবেকার কোন্ মঞ্চ-কাঁপানো ভারতনাট্যম নর্তকীর কথা মনে পড়ে বিষণ্ণ মেঘের কালো ঘিরে ধরবে তোমার মুখ। একটা গোপন দীর্ঘশ্বাস জলের অতলে ডুব দেওয়া পানকৌড়িটির মতো খুব ধীরে গড়িয়ে যাবে তোমার নিশ্বাস বেয়ে।

আমিও বলব, লিটিল ম্যাগাজিন থেকে দুবারে দুটো পাতলা কবিতার বই — তারপর ওই যা হয়! ফুরসত মেলে না। আমার ঠোঁটের কোনায় ক্লান্তিকর একটা হাসির রেখা,  আমাদের পোশাকে লেগে থাকা জলের দাগের মতো।

আর কোনো কথা হবে না আমাদের। বৃষ্টি সামান্য ধরে এলে তুমি শাড়ির আঁচল মাথায় তুলে জল বাঁচিয়ে উঠে যাবে অটোয়। একবার আমার দিকে তাকিয়ে হাত নাড়বে, তারপর নামিয়ে দেবে অটোর পর্দাটি মুখের উপরে। 

আমিও নেমে আসব রাস্তায়। আর তখুনি আকাশ ঝেঁপে  বৃষ্টি নামবে আবার। জলের ছোঁয়াচ থেকে নিজেকে বাঁচানোর আর কোনো অজুহাত থাকবে না আমার। যেমন ছিল না আগেও কখনো।