পুটকিবায় ভরি দে
- এখন আর কিতা করাইতে?
- হিনান।
- করতাম নায় আমি।
- কেনে?
- ঠাণ্ডা চায় না বে শরীলে।
- কইলে অইল-নি! দুই দিন ধরি ছানপানি নাই।
- যে-তা মনে অর, অ-তা কর-রে। লম্বাটানে বিরক্ত প্রকাশ করে লবণি নাথ বললেন।
- ভালা হওয়া লাগত নায় নি তোমার?
- কিগ্গিয়ে কইছে বে, আশি বছরর মানু ভালা অইন আবার।
- না অইলে নাই; ছান করা লাগব আইজ।
- বাদ-দিলা রে বা, কাইল করমু!
- না। আমার এক মাত!
- তোর কথা মতোঔ তোৎ হক্কলতা অর।
- অইতো নানি! আমি কিতা হরু নি অখন?
- অয় অয়, বেটা বনিগেছচ।
- তুমি কইলে, বনছি আ-রি।
- অতার-লাগি বাপোর লগে বেটাগিরি দেখাইতে?
- ইতা রে বেটাগিরি কইন নি?
- তে কিতা কইন! বে-মা-রি শরীল পাইছচ তো...!!
- হরুকালো আমি একদিন ছান না করলে, কিতা করতায়, পাউরি লাইছো নি?
সঙ্গে সঙ্গে প্রসঙ্গ পাল্টে দেন বৃদ্ধ লবণি। কড়মড় করা হাড়ের যন্ত্রণায় শরীর কাতর। তবুও অভিমানভরা স্বরে বললেন, - টেকার হরাদ কররে।
- করমু তো।
- কিতার-লাগি?
- লবণি নাথোর অটাল সম্পত্তি, ইতা খাইবো কেগ্গুয়ে?
- তোমরার বাঁচা লাগত না-য়নি?
- বাঁচমু এমনেও।
- পাঠাইলে তো ভেলোর, চেন্নাই। আর কোনোবায়...! বাদ দে রে-বা।
- ইতা অইত নায়।
- তে কিতা অইত?
- আবার পাঠাইমু।
- কুবাই?
- হায়দ্রাবাদ।
- হিনোর ডাক্তার ইগু ভগবান নি বে?
- অইলে অউক, নাঅইলে নাই, যাওয়া লাগব তোমার। বলেই হাউমাউ করে কেঁদে উঠল লোচন।
- কাঁন্দচ কেনে?
- কৈতাম পারতাম নায়।
- বুঝিয়ার, বাপোর মায়া। কাঁন্দিচ না। তোর মা আর বইন-অগুর খিয়াল রাখিচ। বলতে বলতে শায়িত লবণি নাথের অশ্রুসিক্ত নয়ন দুইটির কোণা বেয়ে পড়তে লাগল জল।
- আমি ইতা পারতাম নায় রেবো?
- কিতা পারতে নায় রে বাবা, লোচন? বলে, হাতে আনা গরম গ্লাসের দুধে চামচ নাড়াতে নাড়তে ঘরে প্রবেশ করলেন লবঙ্গলতিকা দেবী।
- হুনো! বাবার মাত?
- কিতা মাতরায় তার লগে?
- কোনতা-নায়।
- আইচ্ছা কইয়ো না; আমার হুনা লাগতনায়, আছে-এউ বাপ বেটার দরবার। অখন হা করো, দুধ এক চামুষ দেই?
- আধা চামুষো খাইতাম নায়?
- খাইলাও রেবা? আনতস্বরে লোচন বলল।
অসুস্থ লবণি বুড়া রাগছেন। মুখে বহুদিন ধরে রুচি নেই। খাবারের কথা বললেই তিক্ততায় ভরে যায় মগজ। আনকোরা স্বরে বললেন, - আমার পুটকিবায় ভরি দে।
- ইতা কিতা কউ পুয়ারে? পাশ কাটিয়ে বললেন লবঙ্গলতিকা।
- তে কইতাম কিতা? গলা-বায় যে কিচ্ছু গেলে, খালি পুরপুরাইয়া জ্বলে। ই কথা ইখান তোমরারে আর কয় দিন কইতাম? অঃ মর ফাটা কপাল! কই বেটা ঠাকুর? দেখরায় নানি আমারে! আর কয়দিন রাখতায় ইলা...।