Jul 2, 2024

ড. পূর্বিতা গুপ্ত

কবিতার জন্ম

কবিতা, তুমি ধ‍্যানপ্রিয় সত্ত্বা
তোমার অন্ত:গুহার 
ডুবুরি তুমি নিজেই
ভিতরে প্রবল ঝড় 
শব্দেরা জোটবদ্ধ 
তাই সৃষ্টির আয়ুধকে
শাণিত করছো তুমি
করছো নিয়ত
নীরবে-গোপনে
ঠিক তখনই 
তোমার ধ‍্যানস্হ হৃদয় 
ডাক শোনে
অবয়বজুড়ে চোখ রাখে
বাহুডোরে মিলন দুজনার
অন্ত:প্রকাশ ও বহিঃপ্রকাশের 
সুক্ষ্ণ সমীকরণ শেষে
মধুর হাওয়া আবেশে
চেতনার জন্ম হয় 
বোধ জাগ্রত হয় 
কবিতা, তুমি ধ‍্যানপ্রিয় সত্ত্বা