দেবীস্তোত্র
নদীটি তমসালীন, করপুটে অন্ধকার
এনেছি, এনেছি বীজ। বৃক্ষরাজি শুদ্ধতার
কথা বলাবলি করে, শুনি। অত কি জানা ছিল?
আমি তো এসেছি ভুলে, কারা পথ বলে দিল
ভুলে গেছি বেমালুম।
অন্ধকার। কেবল তোমার
যোনিদীপ জ্বলে -
আকাশের নক্ষত্রের তলে।
মুণ্ডমালা দেখি, আমারই
অযুত মুণ্ডের মালা-
ওদিকে সরিয়ে রাখো
যাবতীয় হত্যালীলা।
শুয়েছি অবান্তরে, শিশ্নদোষ অভ্রে তুলে।
এসো দেবী আলো দাও। রক্ত, হত্যালীলা, ভুলে
পদভারে দেহের শেষে যে দেহটি তিরতির
তাহাকে দলিত করো, শবাধিপত্নী, গম্ভীর
মৃত্যু দাও অন্তিম সঙ্গমে।