Jul 2, 2024

শ্রীঅনির্বাণ

ওরা, প্রগতি চায় না 
                  
সত্যকে সত্য বলার অধিকার ধর্মে নেই।
অবাস্তব অবিশ্বাস্য হলেও 
নির্বোধের মতো মেনে নিতে হবে তোমাকে, 
নতুবা নাস্তিকতায় লেখাতে হবে নাম।                    
ধর্মীয় গ্রন্থ বাইবেল রামায়ণ মহাভারত কোরানে
ব্যাখ্যা ছিল -সূর্য পৃথিবীর চতুর্দিকেই ঘুরে ।
বিজ্ঞানী কোপার্নিকাস প্রথম বলেছিলেন-সূর্য নয় 
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। 
ধর্মীয় ভাবাবেগের বিশ্বাসে আঘাতের 
অপরাধে ধর্মযাজকের অঙ্গুলী হেলনে 
জ্বলন্ত অগ্নিকুণ্ডের মুখোমুখি হন,
কোপার্নিকাসকে সমর্থন করার অপরাধে 
জর্দ্দানো ব্রণোকে সাত বছর জেলে পুড়ে 
অবশেষে নৃশংস হত্যা। 
সত্যকে সত্য বলার অপরাধে লিভোসিয়াকে 
খুন করা হয়েছিল গলা টিপে।
কাঠগড়ায় দাঁড়িয়ে গ্যালিলিও বলেছিলেন 
আমি আবারও বলছি, সূর্য স্থির 
পৃথিবী সূর্যের চারদিকেই ঘুরে ।
আমাকে শাস্তি দিয়েও
সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ
আপনারা বন্ধ করতে পারবেন না, 
পৃথিবী আগের মতই ঘুরবে। 
বিচারশালায় অট্টহাসিতে সাজা 
সারা জীবন গৃহ বন্দি,
সত্যকে সত্য বলার অপরাধে 
অত্যাচারের তীব্রতায় এঞ্জেল টিউরিঙ্গ
বাধ্য হয়েছিলেন আত্মহত্যায়।
ধর্মীয় সতীদাহ প্রথা বন্ধ করার আন্দোলনে 
পিতা রমাকান্ত রায়ের ত্যাজ্য পুত্র হলেন রামমোহন, 
গর্ভধারিনী মা সন্তানের মৃত্যু কামনায় 
প্রার্থনায় রত ইষ্ট দেবতায়। 
আসলে তথাকথিত ধর্মীয় গোঁড়ামি 
কোনদিন মানবের প্রগতি চায় না
 চায় শুধু প্রতিপত্তি ও নিজস্ব সাম্রাজ্য।