গেরস্থালি
এমন নয় যে হিসেব মত চলতে হবে সবই
মাঝে মাঝে বেহিসেবি হলাম না হয় আমি
তুমিও হলে অমিতব্যয়ী খানিক ,
ফর্দ মেনে সওদা তো হয় রোজ
তারই ফাঁকে একটু না হয় বাজে খরচা হোক !
বাসন কোসন জামা কাপড় থাকুক অগোছালো ,
সারা ঘরে আমি ফেললাম সিগারেটের ছাই ।
তুমিও ভাঙো ফুলদানি কাপ দুটো !
পরিপাটি রয় তো বাড়ি রোজ
ফাঁক ফোঁকরে গেরস্থালি বিশৃঙ্খল হোক ।
এমন নয় যে নিয়ম ক’রে ভালবাসতে হবে
মাঝে মধ্যে প্রেমের পাত্র থাকল না হয় খালি ।
তুমিও ধরো হাড়-কিপটে হলে ,
ভরা প্রেমে দিন তো কাটে রোজ
তারই ফাঁকে একদিন নয় উপোস-আপোস হোক !
কে বলেছে রোজই তোমায় লক্ষ্মীসোনা হতে !
মাঝে সাঝে উড়নচন্ডী লক্ষ্মীছাড়া হও ।
আমিও ধরো আস্ত পাগল হলাম ,
রয়ে সয়ে হয় তো কথা রোজ
কোমর বেঁধে এক দিন নয় ঝগড়াঝাঁটি হোক !
এমন নয় যে ধরাবাঁধায় চলতে হবে সবই,
মোদ্দা কথা পারস্পরিক এই যে এতো প্রেম
চুকিয়ে দেবো এক জন্মেই পুরো ।
উলটে পালটে বাসবো ভাল রোজ ,
তাই বলছি নিয়ম ক’রে নিয়ম ভাঙা হোক ।