একটি চিত্রকল্প
যখন আমি দুপুরে ভাত খেতে বসি,
ভাতের গন্ধ লাটিমের মত গড়িয়ে
এবাড়ি ওবাড়ি ঘুরে গোমতী নদীর পাশ হয়ে পথ মাঠ ক্ষেত পেরিয়ে
লালগিরি গ্রামে পৌঁছোয় ।
এরপর গন্ধ রথের চাকার মত গড়িয়ে
ধান খেতে যেখান থেকে তৈরি হয় আমাদের আহার--
অন্নউৎপাদক কৃষকের বাড়ি অব্দি--
ছুঁয়ে ফেলে তার ঘরের কোণ, কুয়ো তলা, ছেঁড়া কাঁথা--
তার ঘাম-নুন-শ্রম আর চোখের জল...
দুবেলা খেতে বসলেই মনে পড়ে
যারা এই অন্ন ফলায় তাদের সন্তান কেউ অভুক্ত নয় তো!