Aug 31, 2023

অপাংশু দেবনাথ

কুমিরাশ্রু-৩

অকারণ মন্দ-মন গোপনে সাজালে ছক,
শরীর তখন বেসামাল অর্ধপঙ্গু দিশেহারা।
এমন পঙ্গুত্ব নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কতদূর 
হাঁটা যায় রম্যনগরীর ধূপ গন্ধহীন ঘুর্ণিপাকে!

এভাবে সফল হতে চাও সময়ের ভুল রিহার্সালে? 

সবুজ পাতাগুলোকে ঈষৎ হরিৎ কিংবা 
জলপাইয়ের রক্তিম নয়ন বলে ভ্রম হয়!
দৃশ্যত উথলায় হাওয়া,রৌদ্রস্নাত কোলাহলে,
ভুল মন্ত্রপাঠে তুমি সাজাতে পারো সংসার।
সেই চেতনার রঙে ফিরতে পারে কি আর কেউ! 

আমি চারিদিকে দেখি অর্ধসত্য বহুরূপী কান্নার কাজল।