ট্রেন ও স্টেশন
একটা দিন, একটা রাত—কেবল
দু'টোই স্টেশন ।
লোয়ার বার্থে ঘুম দিলে একঘুমে
পৌঁছে যাই গন্তব্যে
তারপর শিস মেরে সারাদিন যত কাজ।
ভিখিরি ভাবে না কেউ।
তোমাকেই ভাবি বলে কিছু লিখি, কিছু টিপ মেরে বুঝে ফেলি ভেতরে বাদাম নেই ।
স্টেশন মাস্টার জানে আমি পাগল নই।
ভিক্ষের নেশা আছে কিছুটা। জানু পেতে বসি–
কী জানি কী দেবে আমায়! চাই ত অনেক কিছু—
সোনালী কাবিন চাই, সোনালী ডানার চিল চাই, আরো কত কী চাই— সোনার হরিণ— সোনার তরী
ধনরত্ন চিনেছি অনেক— দুই স্টেশনে ঘোরাফেরা করে খুঁজি— আর কী পাই! আর কী পাই!
জিভের ডগায় নুন দিয়ে বলি, মর, নয় জীবনটাকে ঘষে ঘষে দেখ্ — চন্দন আছে কি না —