কবিতাকে দেখেছি
কবিতাকে কখনও দেখেছি, প্রভাত সূর্যের
সোনালি আভা গায়ে মেখে রাজপথ ধরে
বটতলার জমায়েতে নিজেকে বিক্রির অপেক্ষায় প্রহর গুনতে ।
কখনও দেখেছি,সিটি সেন্টারে বা শকুন্তলা রোডে প্রতিবাদ মঞ্চে,
দেয়ালে পিঠ ঠেকে গেলে জোরদার সংগ্রাম করতে ।
আবার কখনও দেখেছি,ফুটপাতে শূন্য থালায়
ধ্বনিত ক্ষুধার শব্দে সামিল হতে ।
কবিতাকে কখনও দেখেছি,
রাস্তার মোড়ে,বাসে,ট্রেনে
দু'পায়ে নেকড়ের আঁচরে জীর্ণ শরীরে
বজ্রকন্ঠে দাঁড়িয়ে প্রতিবাদের শব্দে ।
কখনও দেখেছি,হঠাৎ মৃতপ্রায় শরীর থেকে চুঁইয়ে পড়া
তাজা তাল তাল রক্ত মেখে পড়ে থেকেও হাসতে ।
আবার কখনও দেখেছি,অরূপের মাঝে রূপকে খুঁজে নিয়ে
একটা রাত থেকে আরেকটা দিনের কাছে পৌঁছে যেতে ।
সবশেষে কবিতাকে দেখেছি,সূর্যের আলো
আর মাটির রঙ মিশিয়ে মাটিরঙ দিয়ে
ধব ধবে সাদা কাগজে মাটি ও মানুষের
সাম্য, মৈত্রী, ভালোবাসার কথা বলতে ।