মধ্যস্থতা
দোহাই লাগে বাসন্তী,
প্রবল প্রণয়ে আর নিজেকে ভুলো না।
যতোটা ভালোবাসায় ভালোবাসা মুছে যায়
যতোটা ভালোবাসায় ভালোবাসা ছাড়া
আর কিছুই থাকে না
সব পথঘাট ডুবে যায় অহেতুক প্রেমে
তেমন করে ভালোবেসো না।
তার চেয়ে পারলে একটু ঈর্ষা করো,
যতোটা ঈর্ষায় প্রেম ও সম্মান পাশাপাশি বাঁচে।
মহাসড়কে দাঁড়িয়ে পায়ে হাঁটা পথকে ঈর্ষা করো,
যতোটা আঁকাআঁকির পর সূর্য উত্তাপ ছড়ায়
প্রবল বৃষ্টি অথবা কুয়াশার দিনে
পারলে তেমন করে ঈর্ষাকে এঁকো।
শুধু নিখাদ ভালোবেসো না ভালোবাসার অভ্যাসে।