Dec 30, 2023

চন্দ্রা বিশ্বাস

মানপত্র 

জীবন এখন হেলতে দুলতে পার হয়ে যায় রাজপথ,
গাড়িঘোড়া সব মরজি-মাফিক সফরে। 
বিবেকের সাথে মন কষাকষি তুমুলে ,
ট্রাফিক পুলিশ পিষছে খৈনি মৌতাঁতে। 
চোখ বুঁজে থাকো দয়া করে হে ঈশ্বর,
জেব্রা ক্রশিং রং ধুয়ে মুছে ফরসা।
অগুনতি বার আছাড় খাওয়াটা সামলেও,
কোন ঈশারায় খাদের কিনারে পা রাখা?
চরণ যুগল বশে নেই বাপু জানি তা,
খাড়া মই এ উঠে ব্যালান্স মাপাটা জরুরী।
আকাশ ছোঁয়ার বাসনা মনের গভীরে,
তারা গুণে গুণে সময়ের দাম নিলামে।
যে ক'টা দিন আরও টিঁকে থাকা যায় হে জীবন,
এগিয়ে চলার এডভ্যান্স গোঁজা পকেটে।
পেণ্ডুলামের দোলা তাই থামা চলবেনা,
মানপত্রেই স্বীকৃতি চাই ফোকটে।