Dec 30, 2023

রমা চন্দ্র

পার্বণ

বৈশাখেতে বর্ষবরণ-
নতুন পোশাক
নতুনের আবাহন...
জ্যোষ্ঠ মাসে জামাই ষষ্ঠী
মাছ পোলাও আম মিষ্টি,
আষাঢ় মাসে ঠাকুর পথে
রথযাত্রায় সকলে মাতে...
শ্রাবণী পূর্ণিমায় 
রাধে কৃষ্ণ ঝুলন দোলায়...
আনন্দ প্লাবনে সকলের মন ভরায়,
ভাদ্র মাসে জন্মাষ্টমী
তাল ফুলুরি লুচি পায়েস
শ্রী গোপালের চরণ চুমি...
আশ্বিন মাসে শুভ্র কাশফুল হাসে
ঝরা শিউলিতে পা ফেলে
ঘরের মেয়ে উমা আসে...,
কার্তিক মাসে দেব দীপাবলি
শ্যামা মায়ের পূজা
শেষ দিনটিতে দেব সেনাপতি
কার্তিক ঠাকুর খোঁজা,
অগ্রহায়ণে হৈমন্তীরাণী
সোনালী ধান সম্ভারে-
ভ'রে দেয় কৃষাণের উঠোন খানি 
নবান্ন উৎসব ভোরে
খেজুর রসের হাঁড়ি নিয়ে
রসকারিয়ে ঘোরে
পল্লীগ্রামের প্রতি ঘরে
পঞ্চব্যঞ্জন মাছের পদ
মণ্ডা মিঠায়ে হয় নবান্ন উৎসব,
পৌষে পোষপার্বণ
পিঠে পুলি সাজিয়ে থালা
আমরা মাতি সারাবেলা...
মাঘের শীতে জমে ওঠে
মেলা খেলা যাত্রা পালা
চড়ুইভাতি রোদের বেলা,
বাগদেবী বিদ্যালয়ে-
শ্রী পঞ্চমীতে জ্ঞানদীপ জ্বালে...
ফাগুনে পলাশ শিমুল বনে- 
দোলের রঙিন রঙে 
লাগে  প্রেমের আগুন...
চৈত্রের গাজন উৎসব গান
আনন্দধারায় পূর্ণ করে ভক্তপ্রাণ।