অসমাপ্ত রয়ে গেল
দুর্দান্ত সময় ঘিরে বিবর আর প্রজাপতির হাতছানি
প্রাপ্তবয়স্ক হওনি বলে অহরহ বড়দের শাঁসানি,
ওদিকে অকুতোভয় ভ্রমর তখন কালকূটের দোসর।
শ্লীল-অশ্লীলকে তুড়ি মেরে ধূলিসাৎ করার
মনন বোধ আর বেপরোয়া কলম যাঁর,
সতের বছরের আইনি যুদ্ধ শেষে
অদম্য সেই আখরচাষীরই জয়জয়কার।
নির্যাতিত নিরন্নের মুখের ভাষায়
নেতি নেতি দুর্বিষহ জীবন থেকে নিংড়ে নির্যাস
অমৃতকুম্ভের সন্ধানে অক্লান্ত এক যাত্রা
মন্থন শেষে লিখে রাখা অবিরত অন্বেষণ।
খ্যাপা হয়ে তাঁরেই খোঁজে বাউলমন
উত্তরঙ্গ থেকে নয়নপুরের মাটি ছুঁয়ে
অসমাপ্ত রয়ে গেল 'দেখি নাই ফিরে'।।